আবাদি জমি থেকে বালু তোলায় হুমকিতে বাড়ি, রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামে খননযন্ত্র দিয়ে মাটির নিচ থেকে বালু তোলা হচ্ছে। দুই প্রভাবশালী ব্যক্তি কয়েক বছর ধরে এভাবে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একটি কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই কারণে আশপাশের আবাদি জমি ও বসতবাড়ি ধসে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসী অভিযোগ করেন, মিরকামারী গ্রামের সুলতান সরদার চরমিরকামারী গোরস্থানসংলগ্ন এলাকায় মাটির নিচ থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলে বিক্রি করছেন। একই এলাকা থেকে মিরকামারী গ্রামের ননেজ ফকির বালু তুলে বিক্রি করছেন। সুলতান সরদার ও ননেজ ফকির প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পান না। প্রশাসনকে জানালেও তারা গুরুত্ব দেয় না।২০১০ সালের বালুমহাল ইজারা প্রদান ও আনুষঙ্গিক অন্যান্যবিষয়ক বিধানের ৪(খ) ধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, বাঁধ, সড়ক ও আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্য থেকে বালু তোলা যাবে না। একই বিধানের ৫ ধারায় উল্লেখ করা হয়েছে, পাম্প, ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ মাটি বা বালু উত্তোলন করা যাবে না।স্থানীয় ছলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বারবার তাদের নিষেধ করেছি। কিন্তু তারা সেই নিষেধ উপেক্ষা করে জমির মালিকানার জোরে বালু ও মাটি উত্তোলন করে চলেছে। বিষয়টি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) চিঠি দিয়ে জানানো হয়েছে।’বালু তোলার সঙ্গে জড়িত সুলতান সরদার ও ননেজ ফকির জানান, তাঁরা তাঁদের পাঁচ বিঘা জমিতে পুকুর কেটে খননযন্ত্র দিয়ে বালু তুলছেন। প্রতিদিন এখান থেকে কমপক্ষে ৩০ গাড়ি বালু বিক্রি করা হয়। তাঁরা দাবি করেন, স্থানীয় প্রশাসন তাঁদের বালু তুলতে নিষেধ করছে না। প্রশাসন বাধা দিলে তাঁরা বালু ও মাটি না কাটার বিষয় ভেবে দেখবেন।ইউএনও নাজনীন হোসেন বলেন, নিজের জমি হলেও কেউ সেই জমির নিচ থেকে বালু উত্তোলন করতে পারবেন না। এভাবে বালু উত্তোলন অবৈধ করা হয়েছে। বালু উত্তোলন বন্ধ করার জন্য ইতিমধ্যে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।সহকারী কমিশনার ভূমি সাইয়েদ এ জেড মোর্শেদ আলী জানান, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বালু তোলা বন্ধ রাখার নির্দেশ দিয়ে এসেছেন। এর পরও বালু তোলা হচ্ছে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।