আবাদি জমি বাঁচাতে কৃষকদের মানববন্ধন
প্রায় ৪৬ একর আবাদি জমি বাঁচাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন ৫০০ কৃষক। গতকাল বুধবার সকালে জমির ভেতরে দাঁড়িয়ে কাস্তে-কোদাল হাতে তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেওয়া কুষ্টিয়া সদর উপজেলার জগতি, বটতৈল, চেঁচুয়া ও কুমারগাড়ার কৃষকেরা অভিযোগ করেন, তাঁরা জানতে পেরেছেন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে প্রায় ৪৬ একর জমি সরকার অধিগ্রহণের পরিকল্পনা করেছে। অথচ এসব এলাকার জমি তিন-ফসলি। এসব জমি চষে এলাকার প্রায় ৫০০ পরিবার জীবিকানির্বাহ করেন। কৃষকেরা আরও অভিযোগ করেন, বর্তমানে এসব এলাকায় এমনিতেই বিসিক শিল্পনগর, বিআরবি গ্রুপ, কুষ্টিয়া সুগার মিল, বিটিসি, বন বিভাগ ও ধানের চাতালসহ বিভিন্ন কল-কারখানা স্থাপন করায় আবাদি জমির পরিমাণ কমে গেছে। এসব জমি অধিগ্রহণ করা হলে আবাদি জমি আর থাকবে না। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘শুনেছি ওই জায়গায় কিছু জমি অধিগ্রহণ করা হচ্ছে। তবে কোন জমিগুলো তা তিনি জানেন না।’