আবাদি জমি বাঁচাতে প্রয়োজন কমপ্যাক্ট টাউনশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাদি জমি বাঁচিয়ে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ আবাসন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য কমপ্যাক্ট টাউনশিপ বা গ্রাম এলাকায় সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসংবলিত ছোট ছোট শহর গড়ে তোলার ওপর জোর দিয়েছেন একটি সেমিনারে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, এর ফলে কর্মসংস্থান নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর শহরমুখী হওয়ার প্রবণতাও কমবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের সেমিনার কক্ষে ‘কমপ্যাক্ট টাউনশিপ: সমন্বিত নগর ও গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এই সেমিনার হয়। ইউআরপি বিভাগ ও কমপ্যাক্ট টাউনশিপ ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে।
সেমিনারে বক্তারা বলেন, বিপুলসংখ্যক মানুষের আবাসনসহ বিভিন্ন প্রয়োজন মেটাতে প্রতিবছর ১ শতাংশ হারে আবাদি জমি কমছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে। কমপ্যাক্ট টাউনশিপ হচ্ছে গ্রাম এলাকায় গড়ে ওঠা একধরনের ছোট শহর। যেখানে গ্রামীণ পরিবেশ-প্রতিবেশকে অক্ষুণ্ন রেখে একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে অন্তত ২০ হাজার মানুষের জন্য নিরাপত্তা সুবিধাসহ আবাসনের ব্যবস্থা থাকবে।
সেমিনারে প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘প্রাথমিকভাবে বেসরকারি উদ্যোগে ছোট ছোট প্রকল্পের মধ্য দিয়ে বিষয়টি এগিয়ে নেওয়া যেতে পারে। পরে যদি এগুলো সফল করা যায় তাহলে হয়তো আমরা কমপ্যাক্ট টাউনশিপ করে বাংলাদেশের বিদ্যমান সমস্যা সমাধান করতে পারব।’ তবে এর জন্য সবার আগে একটা আইনি কাঠামো প্রয়োজন বলে মনে করেন তিনি।
তবে এ জন্য আরও বেশি গবেষণা ও সকল পর্যায়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সেলিম রশীদ। বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীসহ অনেকে। সেমিনার সঞ্চালনা করেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইশরাত ইসলাম।
এর আগে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের তৈরি কমপ্যাক্ট টাউনশিপের কয়েকটি কম্পিউটারভিত্তিক মডেল প্রদর্শন করা হয়।