আবাদি জমিতে ইটভাটা, পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় আবাদি জমি, আবাসিক এলাকা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হয়েছে ৩১টি ইটভাটা। বেশির ভাগ ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। ফলে দিন দিন কমছে কৃষিজমির পরিমাণ। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর।ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, উপজেলা সদরের সীমানা থেকে তিন কিলোমিটার, আবাসিক এলাকা (যেখানে আনুমানিক ৫০টি পরিবার বসবাস করে) ও ফলের বাগান (যেখানে আনুমানিক ৫০টি ফলদ ও বনজ গাছ আছে) থেকে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা স্থাপনের অনুমতিপত্র দেওয়া যাবে না। এ ছাড়া ধানি বা উর্বর ভূমিতে ইটভাটা স্থাপনে বিধিনিষেধ আরোপ করে ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষিযোগ্য বা উর্বর ভূমিতে ইটভাটা করার ফলে দেশের সামগ্রিক কৃষি উত্পাদনে বিরূপ প্রভাব পড়ছে। বাংলাদেশের মতো ছোট একটি দেশে কৃষিজমির এ রকমের অপচয় কোনো অবস্থাতেই কাম্য নয়।রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম জানান, প্রতিটি ভাটায় প্রায় আট একর করে রামুতে প্রায় আড়াই শ একর আবাদি জমি ইটভাটার দখলে আছে। এসব জমি কৃষিকাজে ব্যবহার করা হলে আরও ৩৫০ টন ধান উত্পাদন বাড়ত।সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের দুই কিলোমিটারের মধ্যে ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মোজাফফর আহম্মদের মালিকানাধীন এইচএস ইটভাটা, মেরংলোয়া গ্রামে মীর কাশেম হেলালীর এইচবিসি, নুরুল কবির চৌধুরীর জেডআইএ, জাহাঙ্গীরের জেডএইচটি, তেচ্ছিপুল গ্রামে মৌলভী রফিকের এমএসআর, সিরাজুল ইসলাম ভুট্টোর এমবিএ, জাফর আলমের জেডএমএল, লম্বরীপাড়ায় শাহজাহানের এএসবি, আব্দুল গফুরের জিএমসহ ১৩টি ইটভাটা প্রতিটি উপজেলা সদরের দুই কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে। এ ছাড়া চাকমারকুল ইউনিয়নে নুরুল হকের এনএস, কলঘর বাজারে হাজি আব্দুল আলীমের এঅ্যান্ডকে, শফিউল হকের এমঅ্যান্ডএস, মীর কাশেম হেলালীর এইচবিএসহ ১১টি, খুনিয়া পালংয়ে তিনটি, রশিদ নগরে একটি এবং জোয়ারিয়ানালায় একটি ইটভাটা স্থাপন করা হয়েছে।রামু কৃষি বিভাগের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, ইটভাটা থেকে প্রতিনিয়ত নির্গত কালো ধোঁয়া এবং তাপ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলায় দিন দিন চাষাবাদ, শাকসবজি এবং ফলমূলের উত্পাদন কমে যাচ্ছে। কয়েকজন জমির মালিক জানান, ইটভাটায় ইট পোড়ানোর জন্য কয়লা ব্যবহারের নিয়ম থাকলেও ভাটার মালিকেরা তুলনামূলক সস্তা হওয়ায় কাঠ ব্যবহার করেন।এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মীর কাশেম হেলালীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রামুর কয়টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র আছে এবং নীতিমালা লঙ্ঘন করে ধানি জমিতে ইটভাটা স্থাপনের ব্যাপারে তিনি কিছুই জানেন না, এসব বিষয় চট্টগ্রাম থেকে দেখা হয়।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, নীতিমালা অনুযায়ী রামুসহ কক্সবাজার এবং বান্দরবানে ইটভাটা হতেই পারে না। এত ইটভাটার অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে তিনি জানেন না।