আবাদি জমিতে ইটভাটা, ৪০টি ভূমিহীন পরিবার বিপাকে
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী-পাঞ্জখালী বিলের আবাদি জমিতে ইটভাটা করার উদ্যোগ নেওয়ায় বিপাকে পড়েছে ৪০টি ভূমিহীন পরিবার।খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালীর কালাইয়্যা এলাকার সৃজন আলী হাওলাদার নিজস্ব প্রায় ১০০ একর জমি ওয়াকফ করে যান। এ কারণে তাঁর বংশধরেরা ওই জমি ভোগদখল করতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না। এর মধ্যে লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নে আছে ২৪ একর। এই জমি ৪০টি ভূমিহীন কৃষক পরিবার ৭৫ থেকে ৮০ বছর যাবৎ নগদ টাকায় লগ্নি নিয়ে চাষাবাদ করে জীবন-জীবিকা নির্বাহ করছে। কিন্তু সৃজন আলী হাওলাদার ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি রুহুল আমিন সম্প্রতি বিলের ২৪ একর জমি ইটভাটা নির্মাণের জন্য লালমোহন পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামানের কাছে ১০ বছরের জন্য লগ্নি দিয়েছেন। এখন তিনি সেখানে মাটি ফেলছেন।ভূমিহীন কৃষকেরা জানান, ১৪১৮ সালের বৈশাখ মাসে তাঁরা ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লির কাছ থেকে ওই ২৪ একর জমি ভাগ ভাগ করে নগদ টাকায় লগ্নি নিয়েছেন। আগামী চৈত্র মাসে লগ্নির মেয়াদ শেষ হবে। প্রতিবছরের মতো এ বছরও ফাল্গুন মাসের শুরুতে তাঁরা আগামী বছরের জন্য লগ্নি নিতে গেলে রুহুল আমিন বলেন, ‘আগামী ১০ বছরের জন্য ওই জমি ইটভাটা করতে মনিরুজ্জামানের কাছে লগ্নি দিয়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আগের মোতাওয়াল্লি তিন লাখ ৫৪ হাজার টাকা ঋণ করে মারা গেছেন। এ এস্টেট বাঁচাতে ইটভাটা করার জন্য লগ্নি দিয়েছি। এখন কৃষকেরা অসুবিধায় পড়লেও আমার কিছু করার নেই। তাঁরা তো আর ঋণের টাকা শোধ দেবেন না!’লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘কৃষকেরা লিখিত অভিযোগ দিলে আমরা সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেব।’ জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইটভাটা বৈধভাবে করতে গেলে এ ধরনের জমিতে আমরা তা করতে দেব না; আর অবৈধভাবে করলে তো কথা নেই।’মনিরুজ্জামান বলেন, ‘আমার জমিতে আমি ইটভাটা করব, এতে সরকারের কী? কৃষিজমি ছাড়া বাংলাদেশে এমন কোনো পতিত জমি আছে যে সেখানে ইটভাটা করব? সরকার আইন করে; তার পরও বাংলাদেশের সব ইটভাটায় কাঠ পোড়ানো হয়, সব ইটভাটাই কৃষিজমিতে নির্মাণ করা হয়।’