আবাদি জমিতে ইটভাটা তৈরির প্রস্তুতি, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাদি জমিতে ইটভাটা তৈরির প্রস্তুতির প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ আখাইপাড় গ্রামে গতকাল এলাকাবাসী মানববন্ধন করেন l প্রথম আলো
আবাদি জমিতে ইটভাটা তৈরির প্রস্তুতির প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ আখাইপাড় গ্রামে গতকাল এলাকাবাসী মানববন্ধন করেন l প্রথম আলো

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে আবাদি জমিতে ইটভাটা তৈরির প্রস্তুতি নেওয়ার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় ইউনিয়নের দক্ষিণ উমানন্দ আখাইপাড় গ্রামে ইটভাটার জন্য নির্ধারিত স্থানে এই মানববন্ধন করা হয়।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়নে ১০টি ইটভাটা রয়েছে। আরও একটি তৈরির প্রস্তুতি চলছে। যত্রতত্র ইটভাটা তৈরি করায় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এতে একদিকে কমে যাচ্ছে আবাদি জমি। অন্যদিকে এসব ভাটাসংলগ্ন এলাকার বাসিন্দারা পড়েছে স্বাস্থ্যঝুঁকিতে।

এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়নের দক্ষিণ উমানন্দ আখাইপাড় গ্রামে আবাদি জমি ও বসতবাড়িসংলগ্ন জমিতে ইটভাটা তৈরির জন্য চিলমারী উপজেলার থানারহাট বাজারের হাফিজুর রহমান স্থানীয় কিছু জমির মালিককে প্রলোভন দেখিয়ে ‘মেসার্স এইচ আরবি ব্রিকস’ নামে একটি ইটভাটা তৈরির জন্য জমি ভাড়া নেন। স্থানীয় কৃষকেরা এর প্রতিবাদ করলে তিনি লোকজন দিয়ে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকেন। ইটভাটাটি স্থাপন করা হলে একদিকে যেমন কৃষিজমি অনাবাদি হবে অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এ ছাড়া আশপাশে বসবাসকারী মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভাটা স্থাপন বন্ধের জন্য গত ২১ জুন এলাকাবাসী একটি অভিযোগ জেলা প্রশাসক বরাবর পাঠান; যার তদন্ত কার্যক্রম চলছে। এ অবস্থায় আপত্তি সত্ত্বেও হাফিজুর রহমান ওই স্থানেই ভাটা নির্মাণের জন্য ইট আনলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

মেসার্স এইচ আরবি ব্রিকসের মালিক হাফিজুর রহমান বলেন, ‘ভাটা নির্মাণের জন্য আবেদন করেছি, প্রশাসন অনুমতি দিলে ভাটা করব, না হলে করব না। আর কাউকে ভয় দেখানোর প্রশ্নই ওঠে না।’ তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ হোসেন বলেন, এই গ্রামে ইটভাটা নির্মাণ করা হলে পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

তবকপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাসুদ রানা সরকার বলেন, জমিগুলো দোফসলি। পাশেই বসতবাড়ি আছে। ভাটা নির্মাণের অনুমতি দেওয়ার বিষয়টি প্রশাসনের।

উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায় বলেন, ‘আমি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেব।’