আবাদি জমিতে একের পর এক পুকুর খনন
ফসল চাষ করে লাভ না হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অপরিকল্পিতভাবে আবাদি জমিতে ব্যাপক হারে পুকুর খনন করা হচ্ছে। চলতি বছরই অন্তত ৫২টি পুকুরসহ গত দুই বছরে দেড় শতাধিক পুকুর খনন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আবাদি জমি অন্যভাবে ব্যবহার করতে হলে সরকারের কাছ থেকে অবশ্যই লিখিত অনুমোদন প্রয়োজন। পুকুর খনন করায় উপজেলার আবাদি জমির শতকরা প্রায় দুই ভাগ কমে গেছে। ভবিষ্যতে এই এলাকায় খাদ্যের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়বে।
নতুন খনন করা পুকুরের মালিক উপজেলার ভাদাস গ্রামের ফজলুল হক, ঘরগ্রামের গ্রামের সুজন মিয়া ও শাহেদ আলী জানান, ধানের আবাদ করে প্রতিবছরই লোকসান হচ্ছে। ধানখেতে যে খরচ হয়, উৎপাদিত ফসল বেচে তা পাওয়া যায় না। এ ছাড়া নানা দুর্যোগের কবলে পড়তে হয়। অথচ পুকুর খনন করে মাছ চাষের জন্য ইজারা দিলেও প্রতি বিঘা আয়তনের জমিতে এক বছরের জন্য ২০ হাজার টাকা পাওয়া যায়। ধান আবাদের চেয়ে মাছ উৎপাদনে তিন থেকে চার গুণ বেশি লাভ পাওয়া যায়। আর নিজে মাছ চাষ করলে মুনাফার পরিমাণ আরও বেশি পাওয়া যায়। তা ছাড়া মাছ চাষে ব্যবহূত উপকরণ কম দামে এবং বাকিতে পাওয়া যায়। মাছ চাষে লোকসান হওয়ার কোনো আশঙ্কাও থাকে না। তাই তারা পুকুর খননে উদ্বুদ্ধ হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক, খালকুলা-তাড়াশ সড়ক, অভ্যন্তরীণ দেশীগ্রাম ইউনিয়ন সড়কের দুই পাশে, সদর এলাকার বাঘাবাড়ী-নিমাইচড়া বন্যানিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশ এবং মহিষলুটি-তাড়াশ সড়কের উভয় পাশসহ বিভিন্ন গ্রাম ও চলন বিলের মধ্যে অনেক পুকুর খনন করা হয়েছে। আবার নতুন নতুন পুকুর খননের কাজ চলছে। সরকারি নালা ও খালবিল যুক্ত করে অপরিকল্পিতভাবে এসব পুকুর খনন করা হয়েছে।
পুকুরের মালিক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর সূত্র জানায়, দুই বছর ধরে উপজেলার তাড়াশ সদর, দেশীগ্রাম তালম, সগুনা, মাধাইনগর, বারুহাস ইউনিয়নগুলোয় আবাদি জমি, নালা ও বিল কেটে পুকুর খনন করা হচ্ছে। চলতি বছরেই (মার্চ পর্যন্ত) ৫২টি নতুন পুকুর কাটা হয়েছে। এ নিয়ে গত দুই বছরে দেড় শতাধিক নতুন পুকুর খনন করা হয়েছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জমির মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এসব পুকুর খনন করেন।
কয়েকজন কৃষক অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে পুকুর কাটায় উপজেলা সদর, বারুহাস, রানীরহাট, মহিষলুটি, কাওরাইল, নিমগাছি, হাসপাতাল মোড়, সলঙ্গা, কাটাগাড়ীসহ আঞ্চলিক সড়কগুলোর পানিনিষ্কাশনের নালা ও খালবিল বন্ধ হয়ে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, সড়কগুলো স্থানীয় সরকার বিভাগের আওতায় হলেও অধিকাংশ খাল ব্যক্তিমালিকানাধীন। পুকুর খননের নামে আয়তন বাড়ানোর জন্য অনেকেই খালগুলো পুকুরের অন্তর্ভুক্ত করছেন। কৃষকেরা পুকুর খনন করে পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দিলে তাঁদেরই দুর্ভোগে পড়তে হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন মণ্ডল জানান, এ উপজেলায় সরকারি ৭২৫টিসহ এক হাজার ৮৪১টি পুকুর রয়েছে। গত দুই বছরে আরও নতুন করে পুকুর খনন হয়েছে। নিচু এলাকার একফসলি জমিতেই বেশির ভাগ পুকুর খনন করা হলেও এগুলো অপরিকল্পিতভাবে করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবীর জানান, ইতিমধ্যে আবাদি জমিতে পুকুর খনন না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে। তা ছাড়া সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।