আবাদি জমির উর্বর মাটি চলে যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি চলে যাচ্ছে ইটভাটায়। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি দালাল চক্র জেলার বিভিন্ন এলাকা থেকে এসব মাটি সংগ্রহ করে তা ইটভাটায় সরবরাহ করছে। অসচেতনতা ও অভাবের কারণে জমির মালিকেরা তাদের কাছে মাটি বিক্রি করছে। সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন স্থানে ইটভাটার কাছাকাছি এলাকার কৃষিজমি থেকে প্রতিদিন ট্রাকের পর ট্রাক মাটি কাটা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, জেলায় মোট ইটভাটা রয়েছে ৩১টি। এসব ভাটার মালিকেরা ইট তৈরির মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবাদি জমির মাটি সংগ্রহের জন্য দালাল নিয়োগ করেন। আবাদি জমির মাটি বিক্রেতা কালিয়া উপজেলার কাঠাধুরো গ্রামের কৃষক রমজান আলী বলেন, ‘ছলের (ছেলের) রোগ হইছে। ডাক্তার দেহাতি হবে। টায়ার (টাকা) জন্যি কিছু মাটি বেঁচে দিচ্ছি। এক গাড়ি মাটি বেচে দুই হাজার টায়া পাইছি।’ সদর উপজেলার খলিশাখালী গ্রামের গোরাচাঁদ বিশ্বাস ইটভাটায় মাটি সরবরাহের কাজ করেন। তিনি বলেন, বৃষ্টি কমে গেলে মাটির খোঁজে তিনি বেড়িয়ে পড়েন। দেড় থেকে দুই হাজার টাকায় এক ট্রাক মাটি কিনলে খরচ বাদে তাঁর তিন থেকে সাড়ে ৩০০ টাকা লাভ থাকে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ভাটার মালিক বলেন, ভাটায় মাটি সরবরাহ করার জন্য লোক নিয়োগ করা হয়। তারা কোথা থেকে এবং কীভাবে মাটি আনছে তাদের সেটি জানার প্রয়োজন নেই। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা শচিন্দ্রনাথ বিশ্বাস বলেন, মাটির টপসয়েল (উপরিভাগ) কেটে ফেলার কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। টপসয়েলের নয় ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত উদ্ভিদের খাদ্যকণা থাকে। এই টপসয়েল কেটে ফেলার কারণে জমিতে আবাদ করা ফসল পর্যাপ্ত খাদ্যকণা পায় না। এই ক্ষতি পুষিয়ে নিতে পাঁচ থেকে সাত বছর লেগে যায়। বন ও পরিবেশ অধিদপ্তরের খুলনার পরিচালক তরুণ কান্তি সিকদার বলেন, আবাদি জমির এক ফুট পরিমাণ টপসয়েল কাটার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। খুলনায় পরিবেশ আদালত গঠন না হওয়ায় আইন প্রয়োগে চরম অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। জেলা প্রশাসক মো. জহুরুল হক বলেন, আবাদি জমির উপরিভাগের মাটি কাটার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। এ ধরনের কর্মকাণ্ড অবশ্যই ক্ষতিকর।