আবাদি জমির মাটি ইটভাটায়, পুড়ছে কাঠ
আইন লঙ্ঘন করে কুষ্টিয়ায় ১৩৪টি ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। প্রতিবছর এসব ভাটায় ৬৪ লাখ ৩২ হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে। এসব কাঠ সংগ্রহ করার জন্য কুষ্টিয়াসহ আশপাশের চার জেলায় কয়েক লাখ গাছ নিধন করা হচ্ছে। অধিকাংশ ভাটাই গড়ে উঠেছে আবাদি জমিতে। এ ছাড়া আবাদি জমির উপরিভাগের মাটি কেটে ভাটায় নেওয়া হচ্ছে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
১৯৮৯ সালে ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনের ৫-এর ধারায় উল্লেখ করা হয়েছে, আবাসিক এলাকা, বন ও ফলের বাগান থেকে তিন কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। ইটভাটায় জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো যাবে না।
পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় ১৩৪টি ইটভাটা রয়েছে। কতটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে, সেই হিসাব তাদের এই কার্যালয়ে নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান জানান, জেলায় ১০০টি ভাটা আবাদি জমিতে গড়ে তোলা হয়েছে।
কুমারখালী, মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভাটা আবাসিক এলাকার তিন কিলোমিটারের মধ্যে এবং আবাদি জমিতে গড়ে তোলা হয়েছে। এসব উপজেলায় ইট পোড়াতে জ্বালানি কাঠ বেশি ব্যবহার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইটভাটার মালিক জানান, জ্বালানি কাঠ সহজেই পাওয়া যায়। এ কারণে কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, কাঠের তুলনায় কয়লার খরচ কম। তার পরও ভাটামালিকেরা কাঠ পোড়ান। কয়লা ব্যবহারের জন্য দক্ষ কারিগর পাওয়া যায় না। এ ছাড়া কয়লা দিয়ে পোড়ালে ইটের রং ভালো হয় না।
কয়েকজন কৃষি কর্মকর্তা জানান, আবাদি জমির মাটি বিক্রি না করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। কিন্তু তাঁরা নগদ টাকা পেয়ে মাটি বিক্রি করে দেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল মওলা জানান, জমির উপরিভাগের ছয়-সাত ইঞ্চিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান বেশি থাকে। উপরিভাগের মাটি কেটে নেওয়ায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, দস্তা, কপার, ম্যাগনেসিয়ামসহ ১৭ ধরনের উপাদান ধ্বংস হয়ে যায়। এই ঘাটতি পূরণে ৮-১০ বছর লেগে যায়।
কয়েকজন ভাটামালিক জানান, একটি ভাটায় প্রতি মৌসুমে (নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত) ইট পোড়াতে গড়ে ৪৮ হাজার মণ জ্বালানি কাঠ প্রয়োজন হয়। এসব কাঠ কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা থেকে সংগ্রহ করা হয়। প্রতি মৌসুমে একটি ভাটায় ইট তৈরির জন্য তিন লাখ ঘনফুট মাটি ব্যবহার করা হয়। প্রতি মৌসুমে একটি ভাটায় তিন শ্রেণীর ২৫ লাখ ইট তৈরি হয়।
পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ মিজানুর রহমান বলেন, ইটভাটায় কাঠ পোড়ানোর কোনো বিধান নেই।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, ইতিমধ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে নিয়ে ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।