কৃষিবিদেরা বলছেন, দেশে কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহে বোরো ধান আবাদে কৃষকেরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধানের চারা পোড়া বা ঝলসানো রোগে মরেছে। কুয়াশাচ্ছন্ন এই আবহাওয়ায় রবি ফসলও ক্ষতিগ্রস্ত হতে পারে। চাষাবাদে তাই বাড়তি যত্ন নেওয়া ও সতর্ক থাকা জরুরি। তীব্র শীতের কবল থেকে বোরো চারা রক্ষায় কৃষকদের জন্য পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, দেশের কিছু কিছু জায়গায় বোরো ধান আবাদে চারা মরছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কৃষকদের সচেতন করতে ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি সম্প্রসারণ কর্মী, জেলা-উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কাজ চলছে।
টানা শৈত্যপ্রবাহ বোরো ধান উৎপাদনে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর। তিনি বলেন, কিছু কিছু জায়গায় প্রচণ্ড কুয়াশায় বোরো ধানের চারা মরে যাচ্ছে বলে রিপোর্ট এসেছে। এতে উদ্বেগের কিছু নেই। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, হাওর অঞ্চলে বোরো আবাদের সময়টা পিছিয়ে যাচ্ছে। তাই হাওরে তাড়াতাড়ি বৃষ্টি বা পাহাড়ি ঢল এলে তখন বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হতে পারে।
মো. শাহজাহান কবীর প্রথম আলোকে বলেন, গত দুই দিনে তাপমাত্রা কিছুটা বেড়েছে। যেসব কৃষক ইতিমধ্যে বোরো ধান লাগিয়েছেন তাঁদের জন্য ব্রির পরামর্শ হলো, শৈত্যপ্রবাহকালে বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা, প্রতিদিন সকালে চারায় জমে যাওয়া শিশির ঝরিয়ে দেওয়া, বীজতলায় নতুন করে পানি দেওয়া, রোপণের পর শৈত্যপ্রবাহ হলে জমিতে ৫-৭ সেন্টিমিটার পানির ব্যবস্থা করা। এসব ক্ষেত্রে নলকূপের পানি ব্যবহার করতে হবে। রবি ফসল আবাদে কৃষকদের সতর্ক থাকতে হবে।
ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষকেরা বলছেন, শৈত্যপ্রবাহ হলে বোরো ধানের চারা লাগানো বন্ধ রাখতে হবে। ঠান্ডা একটু কমে এলে তারপর চারা লাগাতে হবে। শৈত্যপ্রবাহে বেশি ফলন পেতে রোপণের জন্য ৩৫-৪৫ দিনের চারা ব্যবহার করতে হবে। এই বয়সী চারাগাছ রোপণে শীতে চারার মৃত্যুর হার কমে, সতেজ থাকে এবং ফলনও বেশি হয়।
কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস (এআইএস) জনাচ্ছে, ঠান্ডা সহনশীল জাত ব্রি ধান ৩৬, ব্রি ধান ৫৫ চাষ করলে তীব্র ঠান্ডায় চারা কম মারা যায়। বোরোর চারা হলুদ হলে, পোড়া বা ঝলসানো রোগ হলে তা দমনে প্রতি লিটার পানিতে ২ মিলিলিটার আজোঅক্সিস্ট্রবিন-জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে বীজতলায় বিকেলে স্প্রে করতে হবে। বীজতলার চারা হলুদ হলে প্রতি শতক জমিতে ২৮০ গ্রাম ইউরিয়া সার দিতে হবে। ইউরিয়া দেওয়ার পরও চারা সবুজ না হলে প্রতি শতক জমিতে ৪০০ গ্রাম হারে জিপসাম সার প্রয়োগ করতে হবে।
নতুন বছরের জানুয়ারিতে টানা ১৭ দিন সারা দেশে শৈত্যপ্রবাহ চলে। গত তিন-চার দিনে তা কিছুটা কমে এসেছে। তবে দেশের উত্তরাঞ্চলে এখনো ঠান্ডা আবহাওয়া বইছে। এই শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের চারা মারা গেলে এআইএস সার্ভিসের পরামর্শ হলো, তাপমাত্রা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে খালি জায়গায় পুনরায় চারা রোপণ করতে হবে। শৈত্যপ্রবাহ শেষের পরপরই জমিতে ইউরিয়া পূর্ণ মাত্রার অর্ধেক প্রয়োগ করলে কুশির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে জমিতে বিঘাপ্রতি পাঁচ কেজি পটাশ সার প্রয়োগে গাছ শক্ত-সামর্থ্য হবে এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হবে। সার প্রয়োগের সঙ্গে অবশ্যই মালচিং করতে হবে।
আমগাছের পরিচর্যা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই শীতের সময়ে জানুয়ারি মাস থেকে আমগাছে প্রচুর মুকুল ধরে। টানা শৈত্যপ্রবাহে আমের এই মুকুল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এমন আবহাওয়ায় মুকুল নষ্ট হওয়া ঠেকাতে বর্দোমিক্সচার অথবা সালফার-জাতীয় কীটনাশক এক লিটার পানিতে দুই গ্রাম করে মিশিয়ে আমগাছে ব্যবহার করতে হবে। তবে আমগাছে শোষক পোকার (হপার) আক্রমণ হলে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক স্প্রে করতে হবে।