আবার অটোরিকশা ছিনতাই বাদ যায়নি সাংসদের গাড়িও
মাঝে কিছুদিন বন্ধ থাকলেও চট্টগ্রামে আবার সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। চালককে মারধর করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গত ১৫ দিনে কমপক্ষে ১০টি অটোরিকশা নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। সর্বশেষ চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের আওয়ামী লীগের সাংসদ দিদারুল আলমের অটোরিকশা ছিনতাই হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এ কথা জানিয়েছে।
গত শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট শিউলী পেট্রলপাম্প এলাকায় চালক শাহদাতকে মারধর করে সাংসদের অটোরিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের পর অটোরিকশায় লেখা তত্ত্বাবধায়ক হারুনুর রশিদের মুঠোফোন নম্বরে ফোন করে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়।
জানা যায়, কুরিয়ার সার্ভিস কিংবা মুঠোফোনের মাধ্যমে দাবি করা টাকা দেওয়া হলে অটোরিকশা ফেরত দেওয়া হয়। এভাবে অনেকে ছিনতাই হওয়া অটোরিকশা ফিরে পেয়েছেন। সাংসদ দিদারুল আলমের ছিনতাই হওয়া আরও তিনটি অটোরিকশাও দুই থেকে তিন বছর আগে টাকা দিয়ে উদ্ধার করা হয়।
জানা গেছে, সাংসদ দিদারুল আলমের ২৩টি অটোরিকশা রয়েছে। হারুনুর রশিদ নামের এক ব্যক্তি এগুলো তত্ত্বাবধান করেন। হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘এমপি সাহেবের গাড়িটি নিয়ে যাওয়ার পর রাতে ফোন করে এক লাখ ২০ হাজার টাকা চেয়েছে। এখন ফোন বন্ধ পাচ্ছি। একই গাড়িটি তিন বছর আগেও একবার ছিনতাই হলে ৮২ হাজার টাকা দিয়ে নগরের বায়েজিদ এলাকা থেকে উদ্ধার করি। এ ছাড়া আরও দুটি গাড়িও একই কায়দায় উদ্ধার করেছিলাম।’
সর্বশেষ গাড়ি চুরির পর বিষয়টি সাংসদকে জানানো হয়েছে। তিনি পুলিশসহ বিভিন্ন স্থানে ফোন করেছেন। এ বিষয়ে হারুনুর রশিদ সীতাকুণ্ড থানায় অভিযোগ দিয়েছেন।
সাংসদ দিদারুল আলম বলেন, ‘গাড়িটি নিয়ে যাওয়ার পর পুলিশকে ফোন করেছিলাম। গাড়িটি এখনো পাওয়া যায়নি।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।’
সূত্র জানায়, দুই-তিন বছর আগে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে মোটা অঙ্কের টাকা আদায়ের ঘটনা বেড়ে গিয়েছিল। এরপর পুলিশ ও র্যাব বিভিন্ন স্থান থেকে কয়েকটি ছিনতাইকারীচক্রকে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করে। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর আবার ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
চট্টগ্রাম ফোরস্ট্রোক সিএনজি অটোরিকশা সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ‘প্রতিদিন কোনো না কোনো গাড়ি চুরি হচ্ছে। কিছু দিন এটি বন্ধ ছিল। এখন নতুন করে এই ঘটনা ঘটছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা পরিশোধ করে কেউ কেউ গাড়ি ফেরতও এনেছে। আমি নিজে এর আগে দুটি ফেরত এনেছি।’
জানা যায়, এক সপ্তাহ আগে নগরের হালিশহর থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা টাকার বিনিময়ে মালিক উদ্ধার করেছেন। অটোরিকশাটি ১৫ দিন আগে চালককে মারধর করে ভাটিয়ারী থেকে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ছাড়া ৬০ হাজার টাকা দিয়ে উদ্ধার করা হয় আরও একটি অটোরিকশা। দুই সপ্তাহ আগে ভাটিয়ারি থেকে একটি অটোরিকশা এবং একই সময়ে মহাসড়ক থেকে আরেকটি অটোরিকশা ছিনতাই হয়।
মালিকেরা জানান, ছিনতাইয়ের পর পুলিশকে যেন বিষয়টি না জানানো হয়—সে জন্য ছিনতাইকারীরা ফোনে মালিককে কড়া ভাষায় নিষেধ করে দেয়। যদি জানানো হয়, তাহলে অটোরিকশা না পাওয়ার শঙ্কা থাকে। কারণ তখন ছিনতাইকারীরা ফোন বন্ধ করে দেয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, ‘আমাদের কাছে কয়েকটি অভিযোগ এসেছে। একজন কিছু টাকা দিয়েছেন। আমি তাঁকে বলে দিয়েছি, আর টাকা দেওয়া যাবে না। আমরা ব্যবস্থা নিচ্ছি।’