আবার অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর শহরের শিশুকানন কিন্ডারগার্টেনের প্রাক্প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী সানজিদ খান (৬) অটোরিকশার চাপায় মারা গেছে। গত বুধবার দুপুরে অটোরিকশা তাকে চাপা দিলে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। সে ইসলামী ব্যাংক ডামুড্যা শাখার কর্মকর্তা মাসুদ খানের ছেলে।
এর আগে ১ জানুয়ারি নতুন বই আনতে বিদ্যালয়ে যাওয়ার পথে সোহানা আক্তার নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে। বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে চাপা দিয়েছিল।
সানজিদের পরিবার সূত্র জানায়, বুধবার সানজিদ ও তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বোন ঐশী মাহাবুবা শিশুকানন কিন্ডারগার্টেন থেকে তাদের বাড়ি শহরের রূপনগর এলাকায় ফিরছিল। পথে ঢাকা-শরীয়তপুর সড়কের ঋষিপাড়া এলাকায় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে রাত নয়টার দিকে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সানজিদকে তাদের গ্রামের বাড়ি মাহমুদপুর খাঁ পাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গতকাল সকালে মাহমুদপুর গ্রামে সানজিদদের বাড়ি গিয়ে দেখা যায়, তার মা সীমা আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। বিলাপ করতে করতে তিনি বলছেন, ‘তোমরা আমার মানিককে ফিরিয়ে এনে দাও। ও শীত সইতে পারে না, কেন ওকে তোমরা মাটিতে শুইয়ে রেখেছ। আমার মানিকরে ছাড়া আমি বাঁচুম কেমনে।’