আবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সাংসদ মন্জুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিশুকে গুলি করার মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলামের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আবার মঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান ইউসুফ গতকাল রোববার আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই জামিনের আবেদন মঞ্জুর করেন। এ সময় সাংসদ আদালতে উপস্থিত ছিলেন।
সাংসদ মন্জুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়ার পর গত বছরের ৮ নভেম্বর সংসদ অধিবেশন চলাকালীন পর্যন্ত সাংসদের প্রথম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন আদালত। ২৩ নভেম্বর সংসদ অধিবেশন শেষ হয়। পরদিন ২৪ নভেম্বর আবারও স্থায়ী জামিনের আবেদন করা হলে ৮ ডিসেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়। ওই দিন আবার জামিন আবেদন করলে ১৭ জানুয়ারি পর্যন্ত মঞ্জুর করেন আদালত। গতকাল মামলার ধার্য তারিখে অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আবারও আবেদন করেন তাঁর আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
গত ২ অক্টোবর সাংসদ মন্জুরুল ইসলামের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন গুলিবিদ্ধ হয়। ৩ অক্টোবর রাতে সাংসদকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন শাহাদাতের বাবা সাজু মিয়া। ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাঁকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই দিন দুপুরে তাঁকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে ৃপাঠানোর নির্দেশ দেন।