আবার অপেক্ষায় নিজামীর বিরুদ্ধে মামলার রায়

অপেক্ষার শেষ হলো না৷ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আবার অপেক্ষমাণ রাখলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷
গতকাল মঙ্গলবার এই মামলার রায় ঘোষণার ধার্য দিনে কারা কর্তৃপক্ষ নিজামীকে হাজির না করে তিনি অসুস্থ বলে ট্রাইব্যুনালে প্রতিবেদন পাঠায়৷ আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় ট্রাইব্যুনাল তৃতীয় দফায় রায় অপেক্ষমাণ রাখেন৷
গত সোমবার ট্রাইব্যুনাল-১ নিজামীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন৷ তাই গতকাল সকাল নয়টার মধ্যেই রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি ও আসামিপক্ষের আইনজীবী, মানবতা-বিরোধী অপরাধ তদন্ত সংস্থার সদস্য, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভিড় জমে ট্রাইব্যুনাল চত্বরে৷ নিয়মমাফিক নিরাপত্তা তল্লাশির পর সবাই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর অপেক্ষায় ছিলেন৷ কিন্তু আগের রাতেই কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা নিজামীকে সকাল ১০টা পর্যন্ত ট্রাইব্যুনালে নেওয়া হয়নি৷ ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে নিজামীর স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত কারা চিকিৎসকের একটি প্রতিবেদন পাঠায়৷ জানতে চাইলে ট্রাইব্যুনালের মুখপাত্র ও রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘কারা কর্তৃপক্ষের ওই নথিতে বলা হয়েছে, নিজামী অস্বাভাবিক উচ্চ রক্তচাপে ভুগছেন৷ এ জন্য নড়াচড়া না করিয়ে তাঁর বিশ্রাম দরকার৷’
বেলা ১১টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়৷ আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হবে কি না, এ নিয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি মোহাম্মদ আলী বলেন, ‘আমরা কারা কর্তৃপক্ষের কাগজটি দেখেছি৷ আসামির অনুপস্থিতিতে মামলার রায় হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের৷’
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, ফৌজদারি কার্যবিধিতে আসামির অনুপস্থিতিতে রায় দেওয়ার সুযোগ নেই৷ আসামি যদি জামিন নিয়ে পলাতক থাকেন, দীর্ঘ অসুস্থতায় থাকেন অথবা পলাতক অবস্থায় বিচার হয়, সে ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে রায় হতে পারে৷ এ সময় ট্রাইব্যুনাল বলেন, এটা ফৌজদাির মামলা নয়৷
মিজানুল বলেন, আসামির উপস্থিতিতে বিচার হয়েছে৷ তিনি মামলার প্রতিদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং বর্তমানে আদালতের হেফাজতে আছেন৷ আসামিপক্ষের আরজি, রায় তাঁর উপস্থিতিতে দেওয়া হোক৷
শুনানি শেষে আদেশে ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা কারা কর্তৃপক্ষের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছি৷ ওই প্রতিবেদন অনুসারে আসামি মতিউর রহমান নিজামী অসুস্থ৷ আমরা দুই পক্ষের শুনানি শুনলাম৷ এ ছাড়া সংশ্লিষ্ট যেসব আইন ও বিধি আছে, সেগুলো পর্যালোচনা করে আমরা আসামির অনুপস্থিতিতে রায় দেওয়া যুক্তিসংগত মনে করছি না৷ এ জন্য আজ রায় দেওয়া হচ্ছে না৷ তবে যত দ্রুত সম্ভব রায় দেওয়ার জন্য আমরা কারা কর্তৃপক্ষের কাছে আসামির পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন চাচ্ছি৷ সে পর্যন্ত মামলাটি আবার রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখা হলো৷’
নিজামীর অসুস্থতার ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর (নিজামী) উচ্চ রক্তচাপ দেখা দেয়৷ সকাল আটটা পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন৷ কারা চিকিৎসকেরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেন৷ চিকিৎসকদের পরামর্শে তাঁকে ট্রাইব্যুনালে পাঠানো হয়নি৷ দুপুরে কারা হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দেখে নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷
গতকাল রায় ঘোষণা না হওয়ায় ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি সময় প্রায় আড়াই বছর ধরে চলা মামলাটি অনিষ্পন্ন থাকল৷ ২০১২ সালের ২৮ মে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়৷ সাক্ষ্য গ্রহণ ও যুক্তি উপস্থাপন শেষে গত বছরের ১৩ নভেম্বর প্রথম দফায় রায় অপেক্ষমাণ রাখা হয়৷ রায় ঘোষণার আগেই ৩১ ডিসেম্বর অবসরে যান ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর৷ বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ৫৩ দিন পর চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর পুনর্গঠিত ট্রাইব্যুনাল-১ দ্বিতীয় দফায় মামলার সমাপনী যুক্তি শুনে চলতি বছরের ২৪ মার্চ দ্বিতীয় দফায় রায় অপেক্ষমাণ রাখেন৷
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নিজামী চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৪ জন আসামির অন্যতম৷ ৩০ জানুয়ারি ওই মামলার রায় হয়৷