আবার আ.লীগকে ক্ষমতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ একাডেমি সারদায় গতকাল ৩৪তম বিসিএসের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক l ছবি: পিআইডি
পুলিশ একাডেমি সারদায় গতকাল ৩৪তম বিসিএসের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক l ছবি: পিআইডি

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যদি দুর্নীতিবাজ আর জঙ্গিবাদ সৃষ্টিকারী বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশ দুর্নীতিবাজদের দখলে চলে যাবে। আপনারা দোয়া করবেন এবং আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

গতকাল বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলার হরিয়ান সুগার মিল মাঠে আওয়ামী লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ।

জনসভায় বক্তৃতায় প্রধানমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ওই লুটেরা, সন্ত্রাস-জঙ্গিবাদ যারা সৃষ্টি করেছে, তারা ক্ষমতায় এলে এই দেশ জঙ্গিবাদের দেশ হবে, সন্ত্রাসের দেশ হবে। এদিন রাজশাহীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের বর্ণনা দিয়ে রাজশাহীবাসীর কাছে খালি হাতে আসেননি উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে পদ্মার ভাঙন থেকে রাজশাহীকে রক্ষায় আমরা বাঁধ নির্মাণ করেছি। আরও যেসব অঞ্চল ভাঙনপ্রবণ, সেসব অঞ্চলেও যাতে ভাঙন রোধ হয়, তার প্রকল্প হাতে নিয়েছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এবার কোনো কোনো এলাকায় বন্যা হয়েছে। ইতিমধ্যে আমরা প্রতিটি অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনর্নির্মাণের প্রকল্প হাতে নিয়েছি। বন্যায় যত রাস্তাঘাট নষ্ট হয়েছে, ইনশা আল্লাহ সব আমরা মেরামত করে দেব।’ তিনি বলেন, ‘এবার বন্যার কারণে কোনো কোনো জায়গার ফসল নষ্ট হয়েছে। আমরা ইতিমধ্যে খাদ্য কেনা শুরু করেছি। প্রত্যেকটা মানুষের খাদ্যনিরাপত্তা আমরা নিশ্চিত করছি। নদীভাঙনের ফলে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, তাদের ঘরবাড়ি আমরা তৈরি করে দেব। ইতিমধ্যে সেই তালিকাও করা শুরু হয়েছে।’

প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, ‘অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমামসহ সব পেশাজীবীদের কাছে আমি একটি আবেদন রেখে যাব, এই বাংলাদেশে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান হবে না।’

৬ প্রকল্পের উদ্বোধন ও ১৬টির ভিত্তিপ্রস্তর স্থাপন

শেখ হাসিনা ৭০০ কোটি টাকা ব্যয়সংবলিত ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কসহ ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পবার হরিয়ান সুগার মিল মাঠে বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সারদায় কুচকাওয়াজ পরিদর্শন

নবীন পুলিশ সদস্যদের সততা, পেশাদারি ও শৃঙ্খলার সঙ্গে দেশের সার্বিক কল্যাণে নিয়োজিত থেকে জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার এবং আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি নবীন পুলিশ সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) মধ্যে পদক বিতরণ করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, ‘নবীন পুলিশ কর্মকর্তারা অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, পেশাদারি, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সার্বিক কল্যাণে নিয়োজিত থাকবেন। পুলিশকে আমি সব সময় আইনের রক্ষকের ভূমিকায় দেখতে চাই। দেশের প্রচলিত আইন, সততা এবং নৈতিক মূল্যবোধই হবে পেশাগত দায়িত্ব পালনের পথনির্দেশক।’

শিক্ষানবিশ এএসপি সন্দ্বীপ সরকার কুচকাওয়াজ পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সন্দ্বীপ সরকার ‘বেস্ট প্রবেশনার’, মো. মাসুকুর রহমান ‘বেস্ট একাডেমিক’ ও মো. বেলাল হোসেন ‘বেস্ট ইন হর্সম্যানশিপ’ হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পদক গ্রহণ করেন। ৩৪তম বিসিএস ব্যাচে সফলভাবে মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারী ২৬ জন নারীসহ ১৪১ জন নবীন এএসপি গতকাল কর্মজীবনে প্রবেশ করেন।