আবার আগের জায়গায় র্যাব-৩ এর ১৮ সদস্য
কর্মস্থল থেকে প্রত্যাহার হওয়া র্যাব-৩-এর ১৮ কর্মকর্তাকে আবার তাঁদের আগের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার র্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে।
গত সোমবার সকালে এই ১৮ জনকে সরিয়ে দেওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের আনুষ্ঠানিক সংবাদ সাইট ডিএমপি নিউজে ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-৩-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করেছে সদর দপ্তর। তবে র্যাবের সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তাঁদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এটা রুটিন রদবদল। একই সঙ্গে ডিএমপি নিউজে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যাচার’ বলে উল্লেখ করে র্যাব।
এরপর গতকাল ওই কর্মকর্তাদের আবারও আগের পদে ফিরিয়ে আনা হয়। র্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য তাঁদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আগের জায়গায় ফেরত পাঠানো হয়েছে। সোমবারই তাঁরা র্যাবের সদর দপ্তর ছেড়েছেন।
র্যাবের সদর দপ্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে না বলে জানানো হয়। এ বিষয়ে জানতে বিকেলে মেজর আলী আহসানের সরকারি নম্বরে (সিপিসি-৩-এ কমান্ডারের নম্বর) ফোন করা হলে ওপাশ থেকে বলা হয়, ‘স্যার ভুল করে ফোনটি অফিসে ফেলে গেছেন।’ তাঁর ফোনটি দিতে একজন র্যাব সদস্য বাসায় যাচ্ছেন বলে জানানো হয়।