আবার আদালত বদল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আবার আদালত বদল হচ্ছে। মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত (মহানগর দায়রা জজ) থেকে অন্য আদালতে যাচ্ছে।

গতকাল রোববার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আবেদনের শুনানি নিয়ে বদলির এই আদেশ দেন।

ওই মামলায় আদালত বদল চেয়ে খালেদা জিয়া গত ২৬ এপ্রিল আবেদনটি করেন, যার ওপর গতকাল শুনানি হয়। এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে অন্য আদালতে বদলির জন্য তিনি আবেদন করেছিলেন। এর শুনানি নিয়ে গত ৮ মার্চ হাইকোর্ট মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির আদেশ দিয়েছিলেন।

মামলাটি বর্তমানে আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের পর্যায়ে আছে।

গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী এম বদরুদ্দোজা বাদল ও জাকির হোসেন ভূইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন। আদালত বলেন, মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে অন্য আদালতে যাবে। কোন আদালতে যাবে, তা পরে জানানো হবে।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুদক।

গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানি ১৮ জুন

আদালত প্রতিবেদক জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। খালেদা জিয়া আদালতে যাননি। গতকাল তাঁর পক্ষে সময় আবেদন করা হয়। ঢাকার বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা মঞ্জুর করে ১৮ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার ২৪ আসামির মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মারা যাওয়ায় তাঁদের বাদ দেওয়া হয়েছে। আর মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় তাঁকেও বাদ দেওয়া হয়েছে।