আবার আশ্রয়হীন ব্রজবালা চাকমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে পাকিস্তানি হানাদারেরা বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। তারপর ১৫ বছর ধরে স্বামী ভক্তিকর চাকমার সঙ্গে আবার ঘর-গেরস্থালি গুছিয়ে এনেছিলেন ব্রজবালা চাকমা (৭২)। কিন্তু ১৯৮৬ সালে আবারও হামলা হয়। এবার হামলাকারী ছিল বসতি স্থাপনকারী বাঙালিরা। তারা বাড়িঘর জ্বালিয়ে দিল। স্বামীকে কুপিয়ে হত্যা করে গেল।ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে থেকেও তখন মনোবল হারাননি ব্রজবালা। আবার নতুন আশায় বুক বেঁধে ছেলেমেয়েদের মানুষ করেছিলেন। এক ছেলে মিলন চাকমা এখন খাগড়াছড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বাড়িতে এত দিন ভালোই ছিলেন ব্রজবালা। কিন্তু গত সপ্তাহে আবার তাঁর জীবনে নেমে এসেছে আরেক নারকীয় ঘটনা। ২৩ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা তাঁর ছেলের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ায় মিলন চাকমার শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়া ব্রজবালা জানান, স্বাধীন দেশে ১৯৮৬ সালে তাঁর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। হত্যা করা হয় স্বামী ভক্তিকর চাকমাকে। এরপর দীর্ঘ আট বছর শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তিনি। সেই শোক ও অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে ছেলের বাড়িতে উঠেছিলেন বাকি জীবন শান্তিতে কাটানোর আশায়। কিন্তু তিনি এখন নিঃস্ব, অসহায়, নিরাপত্তাহীন।গত সপ্তাহের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মিলন চাকমা জানান, তাঁরা খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের পাশেই বাস করতেন। এর আধা কিলোমিটারের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়। কাছেই খাগড়াছড়ি থানা। এ এলাকায় এ ধরনের ঘটনা ঘটতে পারে, কল্পনাও করতে পারেননি তাঁরা। তাছাড়া ঘটনার সময় বিদ্যালয়ের ফটকের সামনে পুলিশ ছিল। সেই দিক থেকেই দুর্বৃত্তরা হামলা করে। থানায় ফোন করেও লাভ হয়নি। মিলন চাকমার দুই মেয়ে। বড় মেয়ে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। আর ছোট মেয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাদের সব বই পুড়ে গেছে।