আবার আসবেন দেবী দুর্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল দেবী বিসর্জনের সময় সমবেত ভক্তরা বহন করেন দুর্গা প্রতিমা, ছবি: প্রথম আলো
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল দেবী বিসর্জনের সময় সমবেত ভক্তরা বহন করেন দুর্গা প্রতিমা, ছবি: প্রথম আলো

বিরামহীন বাজছে ঢাকঢোল। থেমে থেমে শোনা যায় ঘণ্টা আর কাঁসরের শব্দ, উলুধ্বনি। এ রকম ঝমঝমানি আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার দশভুজা দেবী প্রত্যাবর্তন করলেন স্বামীগৃহে। এর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

একদিকে বিদায়ের সুর, অন্যদিকে উৎসবের আমেজ। উৎসবটাই যেন শেষ পর্যন্ত সবকিছুকে ছাপিয়ে যায়। নেচে, গেয়ে আর সিঁদুর খেলে মণ্ডপ থেকে নামানো হলো পূজার মঙ্গলঘট। দেওয়া হলো শাস্ত্রমতে বিসর্জন। পেছনে পড়ে রইল গত চারটি দিনের আনন্দ-উল্লাস। সোমবার সকাল আটটা ৫৯ মিনিটের মধ্যে দেবী বিসর্জনের লগ্ন শুরু হয়। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নামে ভক্তদের ঢল। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে মণ্ডপপ্রাঙ্গণ। পাশাপাশি বিসর্জনের সময় অনেক ভক্ত বিষণ্ন হয়ে পড়েন, তাঁদের চোখে জল। ধান, দূর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানান ভক্তরা। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির আহ্বান নিয়ে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের শেষ দিনটিও ছিল উৎসবমুখর।

রাজধানীর বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা করে শতাধিক প্রতিমা নেওয়া হয় বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে। এ ছাড়া শহরের অনতিদূরে আশুলিয়ার তুরাগ নদে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। একই সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকত, পতেঙ্গা সমুদ্রসৈকতসহ সারা দেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সর্বজনীন এই উৎসব।

বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে ভক্তরা ট্রাক ও ঠেলাগাড়িতে করে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন পলাশীর মোড়ে। তাঁরা নেচে-গেয়ে শোভাযাত্রাকে বর্ণিল করে তোলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শোভাযাত্রার সামনে-পেছনে অবস্থান নিয়ে এগিয়ে যান।

ট্রাকবাহী প্রতিমার সঙ্গে নারী-পুরুষ, শিশু, কিশোর পায়ে হেঁটে এবং বিভিন্ন ধরনের যানবাহনে করে শোভাযাত্রায় অংশ নেয়। বিচিত্র সাজপোশাকে সজ্জিত হয়ে ভক্তরা ঢাকঢোল, করতাল, অন্যান্য বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রায় যোগ দেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়ানো নারীদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে নগরের বিভিন্ন সড়ক ঘুরে বুড়িগঙ্গার ওয়াইজঘাটে গিয়ে পৌঁছায়। নৌকায় তুলে প্রতিমাগুলো নদীতে বিসর্জন দেওয়া হয়। বুড়িগঙ্গার দুই তীরে এ সময় অসংখ্য উৎসুক ভক্ত ও দর্শনার্থীর ভিড় দেখা যায়।

এদিকে, গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদের উদ্যোগে সোমবার বেলা আড়াইটায় বনানী মাঠ থেকে বের হয় বিজয়া দশমীর আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি গুলশান, কাকলী, উত্তরা হয়ে আশুলিয়ার বিআইডব্ল্লিউটিএ ঘাটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় কলাবাগান, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, মিরপুর, টঙ্গী ও আশুলিয়ার পূজামণ্ডপের হাজার হাজার ভক্ত প্রতিমা নিয়ে অংশ নেন।

অশুভ শক্তিকে বধ করে বিশ্ববাসীকে অভয় আর শান্তির বার্তা দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা ফিরে গেছেন বলে ভক্তদের বিশ্বাস। শরতের শিউলিঝরা শিশিরসিক্ত পথ ধরে পরের বছর আবার আসবেন দুর্গা।