যশোর শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আবারও ইংরেজিতে ফল খারাপ হয়েছে। এই বোর্ডে এবার ৩৭ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাস করতে পারেননি।
যশোর শিক্ষা বোর্ডে গত বছর ইংরেজির ফল ভালো হলেও তার আগের বছর (২০১৫) এ বিষয়ে ফল বিপর্যয় হয়। ২০১৫ সালে ইংরেজিতে অকৃতকার্য হন ৪৯ শতাংশ শিক্ষার্থী। এ কারণে বোর্ডে মোট পাসের হার দাঁড়ায় ৪৬ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পান ১ হাজার ৯২৭ জন, যা দেশের যেকোনো শিক্ষা বোর্ডের চেয়ে কম ছিল।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র বলেন, এ বছর ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা বেশি খারাপ করেছেন। অন্যান্য বছর যেখানে ইংরেজি বিষয়ে পাসের হার থাকে ৯০ শতাংশের ওপরে, এবার সেখানে মাত্র ৭২ দশমিক ৯৪ শতাংশ। এর প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে। একই সঙ্গে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা পদার্থ ও উচ্চতর গণিত বিষয়ে ভালো করতে পারেননি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে ভালো করলেও এ দুটি বিষয়ে ধরা খেয়েছেন। ফলে জিপিএ-৫-এর সংখ্যা গত বছরের তুলনায় এবার প্রায় অর্ধেকে নেমে গেছে।
ইংরেজিতে আবারও ফল খারাপ হওয়া প্রসঙ্গে যশোর এম এম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অনুপম বসাক বলেন, শিক্ষার্থীরা যে গ্রামার শেখে, তা তারা লেখায় কম ব্যবহার করে। ফলে নম্বর কমে যায়।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এই বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ৯৫ হাজার ৬৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৭ হাজার ২০০ জন। জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন ২ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। মোট পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ০২ শতাংশ। গত বছর ১ লাখ ৩০ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হন ১ লাখ ৮ হাজার ৯২৯ জন। জিপিএ-৫ পান ৪ হাজার ৫৮৬ জন। মোট পাসের হার ছিল ৮৩ দশমিক ৪২ শতাংশ।
যশোর সরকারি কলেজগুলোর মধ্যে বড় সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ। এটি থেকে এ বছর ৬৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬১২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৫০ জন। এই কলেজ থেকে গত বছর ৩৭৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৩৩২ জন। জিপিএ-৫ পান ২০৯ জন। জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, জিপিএ-৪ থেকে জিপিএ-৫-এর মাঝখানে অবস্থান করছেন ৩১৯ জন শিক্ষার্থী। তাঁরা সবাই জিপিএ-৫ পাওয়ার যোগ্য। কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উচ্চতর গণিত ও পদার্থবিদ্যা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা ইংরেজিতে খারাপ করেছেন। এ কারণে সব দিক দিয়ে জিপিএ-৫-এর সংখ্যা কমে গেছে। তিনি বলেন, এ বছর থেকে কোচিং-প্রাইভেট নয়; পাঠদান কার্যকর করার বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া যে বিষয়ে শিক্ষার্থীরা খারাপ করেছেন, সেই বিষয়ের সংশ্লিষ্ট শিক্ষককে ডেকে জবাব চাওয়া হবে।
বেসরকারি কলেজের মধ্যে বড় কলেজের একটি যশোর শহরের ডাক্তার আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ। এই কলেজ থেকে এ বছর ৬৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৫৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। মোট পাসের হার ৭৫ দশকিম ৬৯ শতাংশ। এই প্রতিষ্ঠান থেকে গত বছর ৯৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৬ শতাংশ কৃতকার্য হন। জিপিএ-৫ পান ১১ জন। এভাবে এ বছর ফল তুলনামূলক খারাপ হয়েছে। কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন বলেন, গত বছরের পদ্ধতি ছিল কোনো বিষয়ের দুই পত্রের নৈর্ব্যত্তিক ও দুই পত্রের রচনামূলক মিলিয়ে পাস। ফলে শিক্ষার্থীরা কোনো বিষয়ের এক পত্রে খারাপ করলেও অন্য পত্রের নম্বরের গড়ে পাস করে যেতেন। এ বছর নিয়ম বদল করে নিজ নিজ পত্রে পাসের পদ্ধতি চালু করায় অকৃতকার্যের সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা প্রতিবছরই ইংরেজিতে খারাপ করছেন। সমস্যাটা কারিকুলামে নাকি কার্যকর পাঠদানে—বিষয়টি এনসিটিবি কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার।