আবার ইনস্যুলেটর নষ্ট, ১০ ঘণ্টা বিদ্যুৎ-বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর-বদরগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইনে আবারও তিনটি ইনস্যুলেটর নষ্ট হয়ে পড়ায় রংপুরের বদরগঞ্জ উপজেলা ১০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। অধিক ভোল্টেজের কারণে গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে তারাগঞ্জ উপজেলার ডাঙ্গীরহাট এলাকার বৈদ্যুতিক খুঁটির ওপরে থাকা ওই ইনস্যুলেটর নষ্ট হয়।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ এলাকার উপমহাব্যবস্থাপক শওকত হোসেন অভিযোগ করে বলেন, ‘৩৫ কিলোমিটারব্যাপী নতুন নির্মিত ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন খুঁটিতে জাইকা প্রকল্পের অধীনে নিম্নমানের ইনস্যুলেটর লাগানো হয়েছে। প্রায় দিনে এগুলো অধিক ভোল্টেজে ফেটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতে গ্রাহকদের পাশাপাশি আমরাও চরম সমস্যায় পড়ছি। নিম্নমানের ইনস্যুলেটর লাগানোর বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানকে ইতিমধ্যে জানানো হয়েছে। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে ইনস্যুলেটর নষ্ট হওয়ার পর বেলা তিনটায় উপজেলায় আবার বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।’

এর আগে শুক্রবার রাত ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারাগঞ্জ উপজেলার পশ্চিম জিগাতলায় দুটি ইনস্যুলেটর নষ্ট হওয়ায় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা টানা ১৭ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।