আবার ইলিশ ধরা শুরু
দেশের উপকূলীয় এলাকার নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরার সরকারি নিষেধাজ্ঞার ২২ দিনের মেয়াদ গত বুধবার মাঝ রাতে শেষ হয়েছে। উপকূলের জেলেরা আবার জাল-নৌকা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন নদ-নদী ও সাগরে। উপকূলের মৎস্যঘাটগুলোতেও প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।
বরিশাল বিভাগের মৎস্য বিভাগের কর্মকর্তারা এবারের এই নিষেধাজ্ঞা অভিযানকে এ-যাবৎকালের সবচেয়ে সফল বলে দাবি করেছেন। গত বছর নিষেধাজ্ঞার সময় অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মামলা, দণ্ডের সংখ্যা, জরিমানা আদায় ও ইলিশ জব্দের পরিমাণগত দিক বিশ্লেষণ করে দেখা গেছে, এবার তা গতবারের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। তাঁরা মনে করেন, কয়েক বছর ধরে নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় জেলে, মৎস্য ব্যবসায়ী ও লোকজনের মধ্যে সচেতনতা অনেকাংশে বেড়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞার সময় এবারই প্রথম জেলেদের জন্য সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি এই কার্যক্রম সফলে বড় ভূমিকা রেখেছে।
মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার দায়ে এবার বরিশাল বিভাগের ছয় জেলায় ২৭৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, যা গত বছর ছিল ৫৩১ জন।
মৎস্য বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে বিভাগের ছয় জেলায় ৯৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। আর অভিযান পরিচালনা হয়েছে ১ হাজার ৮৬০টি। এতে ইলিশ জব্দ করা হয়েছে ৩ হাজার ৯৭৪ কেজি আর জাল জব্দ করা হয়েছে ২৯ লাখ ৭৭ হাজার ৯৪০ মিটার।
জরিমানা আদায় করা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ৩৫০ টাকা। আর মামলা হয়েছে ৩৬০টি। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ২৭০ জনকে।
গত বছর ১৫ দিন নিষেধাজ্ঞা ছিল। এই ১৫ দিনে বিভাগের ছয় জেলায় ৫৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছিল ৮৮০টি, অভিযান হয়েছিল ১ হাজার ৩৮৭টি। ইলিশ জব্দ করা হয়েছিল ১০ হাজার ৯১০ কেজি এবং জরিমানা আদায় হয়েছিল ১৬ লাখ ২৫ হাজার ৫০ টাকা।
এদিকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার সকাল থেকেই বরিশালসহ উপকূলের জেলেরা পুরোদমে নদ-নদীতে ইলিশ ধরতে নেমে পড়েছেন। গতকাল মাছের আমদানি কম ছিল।
বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের প্রধান মৎস্যকেন্দ্র পোর্ট রোড মৎস্য অবতরণকেন্দ্র ঘুরে দেখা যায়, বেশ কিছু ইলিশ এখানে এসেছে। তবে তা আগের তুলনায় অনেক কম এবং আকারে তেমন বড় নয়। তবে আমদানি কম হলেও মূল্য তেমন চড়া নয়। এ ছাড়া নগরের সদর রোড, গির্জামহল্লা, বান্দরোড, কালীবাড়ি ব্রাউন কম্পাউন্ডসহ বিভিন্ন মহল্লায় ভ্রাম্যমাণ বিক্রেতারা ঘুরে ঘুরে ইলিশ বিক্রি করেছেন। তবে এসব ইলিশের আকার ছোট। ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ৪০০ গ্রাম ওজনের। আবার কিছু কিছু জাটকাও বিক্রি করতে দেখা গেছে। শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় ভ্রাম্যমাণ ইলিশ বিক্রেতা আলী হোসেন বলেন, ইলিশ আমদানি কম, আর বড় ইলিশ পাওয়াই যাচ্ছে না। ২০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ তিনি ৩৫০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। আবার জাটকা ২৫০-৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
পোর্ট রোড মৎস্য অবতরণকেন্দ্র আড়তদার সমিতির সভাপতি আশরাফ আলী গতকাল দুপুরে বলেন, ‘গতকাল কেবল নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এ জন্য মাছের আমদানি কম। আশা করি, দু-এক দিনের মধ্যে তা অনেক বাড়বে।’
দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণকেন্দ্র বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সেখানে ইলিশ আসতে শুরু করেছে। তবে পরিমাণে কম এবং আকারেও ছোট। অবতরণকেন্দ্রের মাছ ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, এখন উপকূলের নদ-নদীতে তেমন ইলিশ নেই। যা আছে তার সবই বলতে গেলে ছোট। বড় মাছ গভীর সাগরে চলে গেছে। গভীর সাগর ছাড়া এখন আর বড় মাছ ধরা পড়বে না।
মৎস্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আজিজুল হক গতকাল প্রথম আলোকে বলেন, সবার সমন্বিত চেষ্টায় ইলিশ নিধন বন্ধের এ নিষেধাজ্ঞায় জেলেরা অনেকটাই সচেতন হয়েছেন। এর প্রমাণ হিসেবে গত বছরের চেয়ে এবার সংখ্যাগত দিক থেকে মামলা ও দণ্ডের পরিমাণ এবং ইলিশ জব্দের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। এ ছাড়া জরিমানার পরিমাণও কমেছে অনেক। এটা সচেতনতারই ফল বলে মনে করেন এই কর্মকর্তা।