আবার উড়বে ইউনাইটেড এয়ার
ইউনাইটেড এয়ারলাইনসের সংকট কাটাতে শেষ পর্যন্ত পদত্যাগী চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসবিরুল আহমেদ চৌধুরীকে স্বপদে ফিরিয়ে আনা হয়েছে। আজ শনিবার থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথে আবার উড্ডয়ন শুরু হচ্ছে বলে বেসরকারি বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গত রাত পৌনে ১০টার দিকে ইউনাইটেড এয়ারের উপমহাব্যবস্থাপক (বিপণন ও জনসংযোগ) মো. কামরুল ইসলাম প্রথম আলোকে এ কথা জানান।
এর আগে গত সোমবার বিমান সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের একটি অংশের চাপে চেয়ারম্যান ও এমডি পদ থেকে তাসবিরুল সরে দাঁড়ান। তাঁর পরিবর্তে পরিচালকদের মধ্য থেকে মাহাতাবুর রহমানকে চেয়ারম্যান ও শাহীনুর আলমকে ভারপ্রাপ্ত এমডি নিয়োগ দিয়ে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন করা হয়। এর এক দিনের মাথায় অর্থসংকটের কারণে বিমান সংস্থটি উড্ডয়ন স্থগিতের ঘোষণা দেন ফ্লাইট পরিচালনায় যুক্ত কর্মকর্তারা।
এরপর সংকট সমাধানে তাসবিরুলের সঙ্গে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গতকাল শুক্রবার দিনভর দফায় দফায় বৈঠক হয়। সর্বশেষ বৈঠকটি হয় সন্ধ্যায় তাসবিরুলের উত্তরার বাসায়। তাতে সমাধানে পৌঁছায় দুই পক্ষ। রাত পৌনে নয়টায় বৈঠক শেষে সংস্থাটির পরিচালক আফাজ মিয়া প্রথম আলোকে বলেন, তাসবিরুল আহমেদ চৌধুরীকে ‘প্রতিষ্ঠাতা চেয়ারম্যান’ ও ‘এমডির’ পদে ফিরিয়ে আনা হয়েছে। আর, কার্যকরী চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন মাহাতাবুর রহমান। তিনি জানান, সমঝোতার পর আজ শনিবার থেকে ইউনাইটেড এয়ারের স্বাভাবিক কার্যক্রম ও উড্ডয়ন শুরু হবে।
ইউনাইটেড এয়ারের একাধিক সূত্র জানায়, এর পরিচালনা ও আর্থিক বিষয়াদি নিয়ে পরিচালকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এক পক্ষে ছিলেন এককভাবে তাসবিরুল আর অন্য পক্ষে ছিলেন অন্যান্য পরিচালক। তাসবিরুলের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ছিল। এ নিয়ে অপর পক্ষটি তাঁর ওপর ক্ষিপ্ত হয়। তবে সংস্থাটির শীর্ষ পদে থাকা কর্মীদের অধিকাংশই ছিলেন তাসবিরুলের পক্ষে। এ কারণে এক ব্যক্তির পদত্যাগের ফলে বড় ধরনের সংকটে পড়ে পুরো প্রতিষ্ঠানটি। বন্ধ হয়ে যায় এটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথের সব উড়াল। বেকায়দায় পড়ে যায় নতুন ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া ব্যক্তিরাও। আর, দেশে-বিদেশে চরম বিপাকে পড়েন কয়েক হাজার যাত্রী। এঁদের মধ্যে বড় অংশই ছিলেন মধ্যপ্রাচ্যগামী শ্রমিক। নির্ধারিত সময়ে পৌঁছতে না পারায় অনেকের ভিসাসংক্রান্ত জটিলতাও দেখা দেয়। একইভাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে বাংলাদেশে আসার জন্য ইউনাইটেড এয়ারের টিকিট কেটে ভোগান্তিতে পড়েন অনেকে।
এ ব্যাপারে জানতে চাইলে বিমান সংস্থাটির পরিচালক আফাজ মিয়া প্রথম আলোকে বলেন, উড্ডয়ন স্থগিতের কারণে যেসব যাত্রীর যাত্রা বাতিল হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
২০০৭ সালে চালু হওয়া বেসরকারি এ সংস্থাটি দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, সিলেট, যশোর, কক্সবাজার, বরিশাল, রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদী এবং আন্তর্জাতিকভাবে লন্ডন, দুবাই, কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা, জেদ্দা, ব্যাংকক, মাসকাট, সিঙ্গাপুর পথে ফ্লাইট পরিচালনা করত।
এদিকে একমাত্র বিমান সংস্থা হিসেবে ইউনাইটেড এয়ারলাইনস শেয়ারবাজারে তালিকাভুক্ত। এটির ৫৬ কোটি ৮০ লাখ শেয়ারের মধ্যে ৫২ কোটি ৬৫ হাজারের বেশি শেয়ারের মালিক সাধারণ বিনিয়োগকারীরা। উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে মাত্র চার কোটি ৮০ লাখের মতো শেয়ার। তাই প্রতিষ্ঠানটি সংকটে পড়ায় বিনিয়োগকারীরা চরম শঙ্কায় পড়েন। এই অবস্থায় গত বৃহস্পতিবার এক দিনে এটির শেয়ারের ৭ দশমিক ৬৩ শতাংশ বা ৯০ পয়সা দরপতন ঘটে।