আবার উড়াল শুরু ইউনাইটেড এয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব পথে আবার উড্ডয়ন শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস।

গতকাল সকাল সোয়া সাতটায় ঢাকা-সৈয়দপুর গন্তব্যে উড়ালের মধ্য দিয়ে এই পুনঃ উড্ডয়ন শুরু হয়। রাত পর্যন্ত ছয়টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ গন্তব্যে চারটি ও আন্তর্জাতিক গন্তব্যে দুটি (ঢাকা-জেদ্দা ও চট্টগ্রাম-কলকাতা) ফ্লাইট রয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড এয়ার কর্তৃপক্ষ।

এর আগে পরিচালকদের দ্বন্দ্ব ও আর্থিক সংকটে মঙ্গলবার রাত থেকে শুক্রবার পর্যন্ত সব পথে ইউনাইটেড এয়ারের উড্ডয়ন বন্ধ ছিল। ফলে দেশে-বিদেশে এর কয়েক হাজার যাত্রী চরম বিপাকে পড়েন। এর মধ্যে মধ্যপ্রাচ্যগামী শ্রমিকেরা সবচেয়ে ভোগান্তির শিকার হন। তাঁদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ নিয়েও জটিলতা তৈরি হয়।

ইউনাইটেড এয়ারের ভাইস চেয়ারম্যান শাহীনুর আলম গতকাল প্রথম আলোকে বলেন, এর মধ্যে যাঁদের যাত্রা বাতিল হয়েছে ও যাঁরা বিকল্প পন্থায় গন্তব্যে পৌঁছেছেন, তাঁদের টিকিটের পুরো দাম ফেরত দেওয়া হবে। এসব যাত্রী যেখান থেকে টিকিট কেটেছিলেন, সেখান থেকে তাঁরা ক্ষতিপূরণ নিতে পারবেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

শাহীনুর আলম জানান, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক পথের আটকে পড়া যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনে বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে।

গত সোমবার অনুষ্ঠিত পর্ষদ সভায় পরিচালকদের একটি অংশের চাপে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগ ও নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব গ্রহণের পরপর চরম সংকট দেখা দেয় সংস্থাটিতে। পরে গত শুক্রবার দিনভর সমঝোতা বৈঠক শেষে রাতে পদত্যাগী চেয়ারম্যান ও এমডি তাসবিরুলকে স্বপদে ফিরিয়ে এনে পুনরায় সংস্থাটির স্বাভাবিক কার্যকম শুরুর ঘোষণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সমঝোতার পর শুক্রবার মধ্যরাতে উড্ডয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শরণাপন্ন হয় ইউনাইটেড কর্তৃপক্ষ। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রাতেই স্থগিতাদেশ তুলে নেয় বেবিচক। এর আগে গত মঙ্গলবার রাতে বিমান সংস্থাটির ভারপ্রাপ্ত এমডি (বর্তমানে ভাইস চেয়ারম্যান) শাহীনুর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে বেবিচক ইউনাইটেড এয়ারের পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল। তারও আগে মঙ্গলবার সন্ধ্যায় আর্থিক সংকটের কারণে উড্ডয়ন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন ফ্লাইট পরিচালনায় যুক্ত কর্মীরা।

এদিকে শাহীনুর আলম প্রথম আলোকে জানিয়েছেন, ইউনাইটেডের সেবার মান উন্নত করতে অতি দ্রুত নতুন তিনটি জেট বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাসবিরুল আহমেদের ব্যক্তিগত মালিকানাধীন দুটি উড়োজাহাজ (এমডি-৮৩) ও ফ্লাইং একাডেমি ইউনাইটেড এয়ারের কাছে স্থানান্তরের বিষয়টি চূড়ান্ত হয়েছে। গতকাল সংস্থাটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয় বলে শাহীনুর জানান।