আবার উড্ডয়নের ঘোষণা ইউনাইটেডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস আগামীকাল শনিবার থেকে আবারও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব পথে উড্ডয়নের ঘোষণা দিয়েছে । সংস্থাটির বিপণন ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম রাত ১০টায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। 
সংকট কাটাতে পরিচালকদের বিবদমান দুটি পক্ষের মধ্যে আজ দিনভর দফায় দফায় বৈঠকের পর উভয় পক্ষের সমঝোতা হয়। তার পরই সংস্থাটির পক্ষ থেকে উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়া হয় । ইউনাইটেড এয়ারের পদত্যাগী চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসবিরুল আহমেদ চৌধুরীকে স্বপদে ফিরিয়ে আনার মধ্য দিয়ে চলমান সংকট নিরসন করা হয়।
আজ সন্ধ্যায় সর্বশেষ সমঝোতা বৈঠকটি অনুষ্ঠিত হয় তাসবিরুলের উত্তরার বাসভবনে। রাত পৌনে নয়টার দিকে সমঝোতা বৈঠক শেষে সংস্থাটির পরিচালক আফাজ মিয়া প্রথম আলোকে বলেন, তাসবিরুল আহমেদ চৌধুরীকে ‘প্রতিষ্ঠাতা চেয়ারম্যান’ ও ‘এমডি’র পদে ফিরিয়ে আনা হয়েছে। আর কার্যকরী চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন মাহাতাবুর রহমান। তিনি আরও জানান, সমঝোতার পর আগামীকাল থেকে সংস্থাটির স্বাভাবিক কার্যক্রম ও উড্ডয়ন শুরু হবে।
গত সোমবার পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের একটি অংশের চাপে তাসবিরুল পদত্যাগ করেন। তাঁর পরিবর্তে অন্য পরিচালকদের মধ্য থেকে মাহাতাবুর রহমানকে চেয়ারম্যান ও শাহীনুর আলমকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মাধ্যমে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন করা হয়। এতেই সংকটে পড়ে পুরো বিমান সংস্থাটি। এর পরদিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় আর্থিক সংকটের কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য সব পথে উড়াল বন্ধের ঘোষণা দেন সংস্থাটির পরিচালনার সঙ্গে যুক্ত কর্মীরা। এর ফলে দেশে-বিদেশে কয়েক হাজার যাত্রী চরম বিপাকে পড়েন।
বেসরকারি এ সংস্থাটি দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, সিলেট, যশোর, কক্সবাজার, বরিশাল, রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদীসহ আটটি পথে এবং আন্তর্জাতিকভাবে লন্ডন, দুবাই, কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা, জেদ্দা, ব্যাংকক, মাসকাট, সিঙ্গাপুরসহ নয়টি পথে বিমান পরিচালনা করত।