আবার উত্তপ্ত হচ্ছে কালাগুল চা-বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বৃদ্ধির আন্দোলনে প্রায় ছয় মাস ধর্মঘটের পর পুলিশি পাহারায় চালু হওয়া সিলেটের কালাগুল চা-বাগানে ফের চা-শ্রমিক ধরপাকড়ে অভিযান শুরু করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে বাগানে অভিযান চালিয়ে সুমন চাষা (২৫) ও রবি ছত্রী (১৮) নামের দুই চা-শ্রমিককে আটক করে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে দুই চা-শ্রমিককে গ্রেপ্তারের ঘটনায় চা-শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
গতকাল দুপুরের পর থেকে শতাধিক চা-শ্রমিক বাগানের কাজ গুটিয়ে আতঙ্কে চা-পল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, সম্প্রতি চা-বাগানের পার্শ্ববর্তী মাখরকলা এলাকায় পুলিশের ওপর হামলা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে কালাগুল চা-বাগানে অভিযান চালিয়ে সুমন ও রবিকে আটক করা হয়। এ দুজনকে মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে কালাগুল চা-বাগানের শ্রমিকদের সংগঠন চা-শ্রমিক সংঘের নেতারা দাবি করছেন, মাখরকলা এলাকায় পুলিশের ওপর হামলার সময় সুমন ও রবি ঘটনাস্থলে ছিলেন না।
পরে পুলিশ বাদী হয়ে যে মামলা করেছে, সেখানে এজাহার ও সন্দেহভাজন আসামির তালিকায় সুমন ও রবির নাম ছিল না। পুলিশ কালাগুল চা-বাগানে শ্রমিক আন্দোলন নস্যাৎ করতে মালিক পক্ষের ইন্ধনে দুই চা-শ্রমিককে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করেছে।
সুমন ও রবির মুক্তির দাবিতে বিকেলে কালাগুল চা-বাগান এলাকায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা হয়।
এতে দুই চা-শ্রমিকের অবিলম্বে মুক্তি দাবি করেন চা-শ্রমিক সংঘের নেতারা।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মজুরি বৃদ্ধিসহ চা-শ্রমিকদের মৌলিক সমস্যার সমাধানে ২০১৪ সালের ১ জুলাই থেকে কালাগুল চা-বাগানে টানা ছয় মাস ধর্মঘট পালন করা হয়।
তখন চা-বাগানে স্থায়ীভাবে পুলিশি পাহারা বসিয়ে বাগানের পরিস্থিতি শান্ত রাখা হয়। ওই আন্দোলনের জের ধরে প্রায় দেড় বছর ধরে নানা অজুহাতে বাগানে পুলিশি অভিযান চলে। দুই চা-শ্রমিকের মুক্তি না দিলে তাঁরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।