আবার উদ্বেগ জানাল ইউনেসকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুন্দরবনের পাশে রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি-বিষয়ক সংস্থা ইউনেসকো। রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অপূরণীয় ক্ষতির আশঙ্কা করে তারা সরকারের কাছে তৃতীয়বারের মতো তাদের মতামত জানিয়েছে।
গত আগস্ট মাসের শেষ দিকে ইউনেসকোর প্রধান কার্যালয় থেকে পাঠানো ওই মতামতে রামপাল প্রকল্পের জন্য করা পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, ইআইএ সঠিকভাবে হয়নি এবং তা অসম্পূর্ণ। রামপাল প্রকল্পের কয়লা পরিবহনের জন্য পশুর নদ খননের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তারও সঠিক ইআইএ করার জন্য সরকারকে বলেছে ইউনেসকো।
সরকারের নীতিনির্ধারকদের কাছে পাঠানো এ প্রতিবেদনে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার বলেছে, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের সম্ভাব্য ক্ষতিসহ এই বিশ্ব ঐতিহ্য নিয়ে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪০তম অধিবেশনে আলোচনা হবে। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের ‘ঝুঁকিপূর্ণ’ স্থান হিসেবে ঘোষণা দেওয়ারও আভাস মিলেছে ওই প্রতিবেদনে।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা ইউনেসকোর পর্যবেক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি। মুখ্য সচিবের নেতৃত্বে পরিবেশ ও বন, জ্বালানি এবং কৃষি মন্ত্রণালয়ের সচিবদের সদস্য করে কমিটি করা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয় যার যার অবস্থান থেকে এ ব্যাপারে মতামত দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের মতামত ইউনেসকোকে জানাতে পারব আশা করছি।’
গত বছরের জুলাইয়ে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৩৯তম অধিবেশনে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের ক্ষতি হতে পারে আশঙ্কা করে আলোচনা হয়। বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে মতামতও চাওয়া হয়। ইউনেসকোর আগে জাতিসংঘের আরেক সংস্থা রামসার সেক্রেটারিয়েটের পক্ষ থেকেও সরকারের কাছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুরোধে গত ২২ মার্চ ইউনেসকোর একটি প্রতিনিধিদল এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে আসে। সফরে আসা বিশেষজ্ঞ দলটি বিদ্যুৎ বিভাগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে। প্রতিনিধিদলের প্রধান উদ্দেশ্য ছিল, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে পরিবেশ ও সুন্দরবনের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, সেটি নিরূপণ করা। বেসরকারি সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠক হওয়ার কথা থাকলেও পরে সেটি আর হয়নি। তিন সদস্যের প্রতিনিধিদল গত ২৯ মার্চ বাংলাদেশ ছেড়ে যাওয়ার পাঁচ মাসের মধ্যেই এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে পাঠিয়েছে ইউনেসকো।

এ ব্যাপারে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রামপাল প্রকল্প নিয়ে আন্দোলনকারীরা যেসব প্রশ্ন ও আপত্তি তুলেছেন, ইউনেসকো দল থেকে প্রায় একই ধরনের কথা বলা হয়েছে। আমরা এসব আপত্তির বিষয়ে আমাদের মতামত তৈরি করছি। দ্রুতই তা আমরা ইউনেসকোকে জানাব।’

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইউনেসকো থেকে চলতি সেপ্টেম্বরের মধ্যে সরকারের মতামত জানতে চাওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে মতামত আসতে দেরি হওয়ায় আরও এক মাস সময় চেয়েছে সরকার। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ১১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইউনেসকো। তাতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে সরকারকে প্রতিবেদনের ওপর মতামত জানাতে হবে। মতামত পাওয়ার পরপরই প্রতিবেদনটি সংস্থার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ইউনেসকোর দেওয়া প্রতিবেদনের ওপর বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া মতামত সমন্বয় করছেন। শিগগিরই সরকারের পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে বলে জানা গেছে।

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের ওয়েবসাইটে রামপাল প্রকল্প ও সুন্দরবন নিয়ে তাদের রি-অ্যাকটিভ মনিটরিং দলের মতামতের একটি সারসংক্ষেপ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, তারা সুন্দরবনের অসাধারণ বৈশ্বিক মূল্যকে গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে সুন্দরবনের পাশে যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে, তার কারণে সুন্দরবনের সম্পদের ক্ষতি বিষয়ে তারা বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করতে চায়।