আবার উন্মুক্ত হতে পারে সৌদি আরবের শ্রমবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা ‘শিগগির’ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব সরকার। এর ফলে কয়েক বছর বন্ধ থাকা এই শ্রমবাজারটি আবার উন্মুক্ত হতে পারে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের শ্রমমন্ত্রী আবদেল ফকিহকে উদ্ধৃত করে আরব নিউজ পত্রিকাও গতকাল এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে।
২০০৮ সালের শেষ দিকে সৌদি আরব বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। গত কয়েক বছরে বিভিন্ন সময় ওই শ্রমবাজার আবার চালুর ব্যাপারে আশাবাদের কথা বলা হচ্ছিল। তবে এর বাস্তবায়ন দেখা যায়নি। ২০১৩ সালে অবৈধ কর্মীদের বৈধ করার সুযোগ দেয় সৌদি আরব। এরপর ওই বছরের মে থেকে নভেম্বর পর্যন্ত সাত লাখ ৯৯ হাজার ১৮৬ জন অবৈধ কর্মীকে বৈধ করা হয়।
গতকাল প্রকাশিত আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি সফররত বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে গত রোববার প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন সৌদি শ্রমমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দুই পক্ষের আলোচনা হয়। সেখানেই খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমবাজার খুলে দেওয়ার সুনিশ্চিত আশ্বাস দেন সৌদি মন্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি শ্রমমন্ত্রী আবদেল ফকিহ আবার বাজার চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন। সৌদি শ্রমমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এখন খুব ভালো। কাজেই তাঁরা আবার শ্রমবাজার চালু করতে চান। এর আগে বিভিন্ন সময়ে আশাবাদের কথা বলা হলেও এবারই প্রথম বাজার চালুর বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দিলেন।
কবে নাগাদ বাজার চালু হতে পারে—জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার দ্রুততম সময়ে বাজার চালুর কথা বলেছে। কেবল শ্রমমন্ত্রীই নন, সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী এবং দেশটির ভবিষ্যৎ কর্ণধার মুকরিন বিন আবদুল আজিজ আল সৌদও বাংলাদেশের মন্ত্রীকে একই আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ২০০৭ সালেও ২ লাখ ৪ হাজার ১১২ জন কর্মী গেছেন দেশটিতে। ২০০৮ সালে এক লাখ ৩২ হাজার কর্মী যান। এরপর বাজারটি বন্ধ হয়ে যায়। ফলে ২০০৯ থেকে ২০১৪ সাল—এই ছয় বছরে মাত্র ৮১ হাজার ৩১৭ জন কর্মী যান দেশটিতে। সরকারি হিসাবে বর্তমানে ১২ লাখ ৮০ হাজার বাংলাদেশি সৌদি আরবে কর্মরত। বাস্তবে এই সংখ্যা আরও বেশি।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফের নেতৃত্বে উচ্চপর্যায়ের আট সদস্যের একটি প্রতিনিধিদল ১৭ জানুয়ারি সৌদি আরব সফরে গেছেন। প্রতিনিধিদলে আরও আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. নাজমুল ইসলাম এবং মন্ত্রীর একান্ত¯সচিব মুহম্মদ ইব্রাহিম। ২৪ জানুয়ারি তাঁদের দেশে ফেরার কথা।