আবার এক-এগারো আনতে সরকারই ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিরোধী দল নয়, সরকারই জনগণের ভোটের অধিকার হরণ করে আবার এক-এগারো আনার ষড়যন্ত্র করছে’ বলে পাল্টা অভিযোগ করেছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সাবধান থাকবেন, সরকার যেন আবার এক-এগারো আনতে না পারে। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।’ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ১৮ দলীয় জোটের কালো পতাকা মিছিলের উদ্বোধনকালে তরিকুল ইসলাম এ অভিযোগ তুলে মানুষকে সতর্ক করেন। ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের এ দিনটিকে বিরোধী দল ‘ঘৃণা দিবস’ ঘোষণা করে গতকাল কালো পতাকা মিছিল করে।তরিকুল ইসলাম বলেন, ‘স্বদেশ প্রত্যাবর্তনের দিনে প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্র নস্যাতের চেষ্টায় বিরোধী দল তত্ত্বাবধায়কের নামে আবার এক-এগারো সৃষ্টি করতে চায়। যুদ্ধাপরাধীদের বিচারের হাত থেকে রক্ষা করতে চায়।’ তিনি প্রধানমন্ত্রীর এ বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, ‘আরেকবার এক-এগারো না হোক, সেটা বিএনপি চায়। চায় বলেই ঘৃণা দিবস পালন করার জন্য আমরা আজ কালো পতাকা মিছিল করছি। আওয়ামী লীগ কিন্তু করছে না।’তরিকুল দাবি করেন, এক-এগারোর কুশীলবদের সঙ্গে আওয়ামী লীগের গোপন সমঝোতা হয়েছিল। জরুরি অবস্থার পর ফখরুদ্দীনদের শপথ অনুষ্ঠানে আজকের প্রধানমন্ত্রী উপস্থিত থেকে স্বাগত জানিয়েছিলেন। পরে তিনি বলেছিলেন, জরুরি অবস্থার সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল। এ কারণে তাঁদের একজনেরও বিচার করেনি। বরং একজনকে এখনো অস্ট্রেলিয়ার হাইকমিশনার রাখা হয়েছে। তরিকুল বলেন, ‘আশা করব, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে শেয়ারবাজারের এক লাখ কোটি টাকা লুণ্ঠন কীভাবে হলো, কারা করল, দোষীদের কী শাস্তি দিয়েছেন; তা দেশবাসীকে জানাবেন। পদ্মা সেতু কেন হলো না, কারা দুর্নীতি করল, হল-মার্কের দুর্নীতিতে এক উপদেষ্টার নাম এসেছে, তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন, তা জানাবেন। বিশ্বজিৎ হত্যা, সাগর-রুনির হত্যা, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ যে ১৫৭ জন মানুষ গুম হলো, তারা ফিরে আসবে কি আসবে না, তা তাদের স্ত্রী-পুত্রদের জানাবেন। বিএনপির মহাসচিবকে গ্রেপ্তার করা, মাহমুদুর রহমান ও রিজভী আহমেদকে অবরুদ্ধ করা কতটা শোভন হয়েছে, তা দেশবাসীকে জানাবেন।’বিকেল চারটায় কালো পতাকা হাতে ১৮ দলের কয়েক হাজার নেতা-কর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো ব্যানার ও পতাকা নিয়ে মিছিল বের করেন। মিছিলটি কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লা, আবদুস সালাম, জামায়াতের মুজিবুর রহমান, হামিদুর রহমান আযাদ, এলডিপির শাহাদাত হোসেনসহ ১৮ দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।