আবার এক বছরের প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবে গতকাল আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করেন ভারতের নূরান সিস্টার্স—জ্যোতি ও সুলতানা নূরান l সুমন ইউসুফ
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবে গতকাল আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করেন ভারতের নূরান সিস্টার্স—জ্যোতি ও সুলতানা নূরান l সুমন ইউসুফ

মঞ্চে এসে শিল্পী বারী সিদ্দিকী কণ্ঠ ছাড়লেন, ‘পুবালি বাতাসে...’। তুমুল করতালিতে দর্শক সাড়া দিলেন সঙ্গে সঙ্গে। লোকসংগীত উৎসবের শেষ দিনে বনানীর আর্মি স্টেডিয়ামের মাঠ তখন কানায় কানায় পূর্ণ। তিনি দর্শকদের মাতিয়ে চলেন একের পর এক গানে—‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’, ‘আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা’সহ নানা গানে।
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের দ্বিতীয় আসরের তৃতীয় ও শেষ দিনের পরিবেশনা শুরু হয় যথাসময়ে। বাউলশিল্পী সুনীল কর্মকার একে একে গাইলেন চারটি গান। সুনীল বললেন, জালাল খাঁর শিষ্যদের মধ্যে কেবল তিনিই বেঁচে আছেন। গানগুলোতে তাঁর সঙ্গে কণ্ঠ মেলাল খুদে বাউলশিল্পী শফিকুল ইসলাম।
একটু পর মঞ্চে এলেন ইসলামুদ্দিন পালাকার। পালাগানের শুরুতে ধরলেন বন্দনাগীত। এরপর তিনি পরিবেশন করলেন তাঁর পালা ‘উতলা সুন্দরী’। গল্পে-গানে বর্ণনা করলেন সোনাপুরের বাদশাহপুত্র সোনাহর বাদশাহর প্রেমকাহিনি।
সমাপনী আনুষ্ঠানিকতায় উৎসবের আয়োজক সান ইভেন্টসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, এ উৎসবের উদ্দেশ্য হলো বাংলাদেশের লোকশিল্পীদের আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে যাওয়া। শিল্পী ফেরদৌসী রহমান বলেন, বাংলাদেশ গরিব দেশ, কিন্তু সব সময় গর্বের বিষয় ছিল এর সংস্কৃতি। দেশ যত শিল্পায়িত হবে, মাঠঘাট থেকে লোকসুর হারিয়ে যাবে, এটা বাস্তবতা। তবু লোকসংগীতকে বাঁচিয়ে রাখতে হবে। এ উৎসব সে কাজটি করে যাচ্ছে।
বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, যত দিন যাবে, এই উৎসবের আয়োজন আরও সুন্দর হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ইটপাথরের নাগরিক জীবনে এ উৎসব একটু নিশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘এখানে গ্রামের বাউল গান যেমন হচ্ছে, গানের ফিউশনও হচ্ছে। তাতে অসুবিধা নেই। বড় কথা হলো, এখানে আমি তারুণ্যের উচ্ছ্বাস, যৌবনের উদ্দীপনা দেখতে পেয়েছি। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে তারুণ্যের এই শক্তি আমাদের বড় হাতিয়ার।’
উৎসবের দ্বিতীয় দিনে বাউল শফি মণ্ডল ও লাবিক কামাল গৌরবের পরিবেশনার পর মঞ্চে আসেন স্পেনের কারেন লুগো ও রিকার্ডো মোরো। তাঁদের ‘ফ্লেমেনকো’ নাচ দর্শকদের মুগ্ধ করেছে। দর্শকদের দীর্ঘ অপেক্ষা শেষে মঞ্চে ওঠেন ভারতের কৈলাস খের। আয়োজক অঞ্জন চৌধুরীকে তিনি অনুরোধ করেন, পরেরবার তাঁর জন্য যেন সময় নির্দিষ্ট করে দেওয়া না হয়। ঢাকার সমঝদার দর্শকদের জন্য এত অল্প সময় গান গেয়ে প্রাণ ভরে না।
গতকাল এ প্রতিবেদন লেখার সময় মঞ্চে উঠেছেন ভারতের নূরান সিস্টার্স। দুই বোন জ্যোতি ও সুলতানা নূরানের গানের কল্যাণে বাংলাদেশের তরুণ সমাজে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই দল। এরপর গাইবে তাপস অ্যান্ড ফ্রেন্ডস। সবশেষে মধ্যরাতে মঞ্চে আসবেন পবন দাস বাউল। সঙ্গে ব্রিটিশ ভারতীয় শিল্পী সুশীলা রামান গান করবেন তাঁর স্বামী স্যাম মিলসের আয়োজনে।
এর মধ্য দিয়ে লোকসংগীত উৎসবের বিপুল এই আয়োজন শেষ হলো। আবার শুরু হলো এক বছরের প্রতীক্ষা। আয়োজকেরা কথা দিলেন, আবার দেখা হবে।