আবার একই অপরাধ একই দণ্ড
নাটোরে মাদক ব্যবসার অপরাধে তিন মাস আগে দুই বছরের জেল দিলেও জামিনে মুক্ত হয়ে একই অপরাধে আবার দুই বছরের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান সোমবার রাতে এ সাজা দিয়েছেন।লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের জান বক্সের ছেলে মুনছুরকে (২৮) তিন মাস আগে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের জেল দেন। কিছুদিনের মধ্যে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও ব্যবসা শুরু করেন। লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের নেতৃত্বে লালপুর থানার পুলিশ সোমবার রাতে গাঁজাসহ মুনছুর ও একই গ্রামের মকবুল মণ্ডলের ছেলে মানিকুজ্জামান মানিক ওরফে চয়নাকে (৩০) আটক করে। তাঁদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গত মঙ্গলবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।