আবার এল আষাঢ়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হচ্ছে প্রায় রোজই। কোনো কোনো দিন রীতিমতো মুষলধারায়। কদমও ফুটেছে। তবে দিন গণনার হিসাবে জলবতী মেঘের দিন বর্ষা শুরু হলো আজ সোমবার থেকে। আবার এল আষাঢ়। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন ‘নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে’ বাংলার প্রকৃতি এখন তেমনি সঘন-সজল।
ঋতুচক্রের হিসাবে আষাঢ়-শ্রাবণ দুই মাস বাংলায় বর্ষাকাল। এ সময় জলীয় বাষ্পবাহী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ সক্রিয় হয়ে ওঠে। তাতে বৃষ্টিপাত হয় প্রচুর। বছরের প্রায় ৮০ ভাগ বৃষ্টিই হয় বর্ষায়। তবে এবার জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় নিয়মিত বর্ষণ শুরু হয়েছে।
বর্ষায় বাংলার পরিবেশটাই পাল্টে যায়। নিয়মিত বর্ষণে প্রকৃতি হয়ে ওঠে আর্দ্র কোমল। গুরু-গুরু মেঘের গর্জন, মাঝে মাঝে বিদ্যুৎ চমক, যখন-তখন ঝলমলে আকাশজুড়ে ধূমল মেঘের ঘনঘটা আর অঝোর ধারার বর্ষণ—এই হলো বাংলায় বর্ষার চিরচেনা দৃশ্য। এই অনাবিল বৃষ্টি ধরা আর্দ্র-কোমল করে তোলে গ্রীষ্মের খরতাপে দগ্ধ ধরাতল। প্রকৃতিতে প্রাণসঞ্চার করে সতেজ সবুজে স্নিগ্ধ করে তোলে বাংলার নিসর্গ।
প্রচুর বৃষ্টিপাতে নদ-নদী, বিল-ঝিল ভরে ওঠে। ব্যাঙের ডাকে মুখর হয়ে ওঠে গ্রামীণ পরিবেশ। টিনের চালে বৃষ্টির শব্দ সৃষ্টি করে চলে এক ভিন্ন সংগীত। বন্যায় নদী তীরবর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়ে জীবনযাত্রায় দুর্ভোগ সৃষ্টি করে। তবে বন্যাবাহিত পলি বাড়ায় জমির উর্বরা শক্তি। এসব কারণে কৃষিপ্রধান আমাদের দেশে বর্ষার গুরুত্ব ব্যাপক।
বাঙালির কাব্য, সংগীত, সাহিত্য, চিত্রকলায় বর্ষা বৈচিত্র্যময় রূপে ছন্দে স্পন্দনে উদ্ভাসিত। অন্যদিকে বর্ষার রুপালি ইলিশ মৎস্যপ্রিয় বাঙালির রসনাতৃপ্তিতে যে স্বাদের সংযোগ ঘটায়, তা তুলনারহিত। ভেজা হাওয়ায় ভেসে আসা কদম-কেয়ার সৌরভ, ইলিশের স্বাদ, টিনের চালে বৃষ্টির সুর—সব মিলিয়েই বর্ষা কেবল ঋতুই নয়, বাঙালি সংস্কৃতিরও অংশ।