আবার এসেছে আষাঢ়

প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। মাঝে হঠাৎ বৃষ্টি আর দমকা হাওয়ায় সেই গরমের কষ্ট কিছুটা লাঘব হয় বটে, কিন্তু তা স্থায়ী নয়। ভাপসা গরম আবার ভুলিয়ে দেয় বৃষ্টির সুখস্মৃতি। এমন সময়েই প্রকৃতিতে বর্ষার আগমন, বর্ষপঞ্জির হিসেবে। আজ পয়লা আষাঢ়। প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগানো দুই মাসের বর্ষা ঋতুর প্রথম দিন।
তাপদগ্ধ মানুষ উন্মুখ হয়ে আছে সজল ঘন বর্ষার দিকে চেয়ে। মানুষের মতো ‘নবধারা জলে’ স্নাত হতে প্রত্যাশী প্রকৃতিও। গ্রীষ্মের তপ্ত-শুষ্ক মাটিকে ভিজিয়ে আষাঢ়-শ্রাবণের বর্ষণ কোমল করে তোলে। বীজ থেকে সুপ্ত অঙ্কুর মাথা তোলে সেই নরম মাটি ভেদ করে। সতেজ হয়ে ওঠে গাছের মলিন পাতা। গাঢ় সবুজে ভরে ওঠে তরুপল্লব। বুনো উচ্ছ্বাসে বেড়ে ওঠে লতাগুল্ম। দেশের কৃষিপ্রধান অর্থনীতিতে এই বৃষ্টি রেখে চলেছে সুদূরপ্রসারী ইতিবাচক ভূমিকা। জীবনের এমন সর্বব্যাপী আবাহনই বর্ষাকে আমাদের জনজীবনে আদরণীয় করেছে, দিয়েছে অনন্যতা। বাঙালির সৃজনশীলতায় যুগে যুগে তাই বর্ষা বন্দনায় কোনো ক্লান্তি নেই, নেই বিরাম। বর্ষা বন্দনায় অকুণ্ঠ কবিগুরু রবীন্দ্রনাথ। ‘আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে’, এমন গানের সুরে সত্যিই ‘পুরাতন হৃদয়, পুলকে দুলিয়া’ আবার বেজে ওঠে। ‘উতল-ধারা বাদল ঝরে৷ সকল বেলা একা ঘরে’, ‘সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা/ অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা’ এমন কত গানে যে তিনি উপলব্ধি করেছেন বর্ষাকে!
বর্ষার রূপে মুগ্ধই শুধু থাকেননি কবি। এর কঠিন চেহারায় শঙ্কাও কবির গানে খঁুজে পাওয়া যায়। তিনি গেয়েছেন, ‘ঝরঝর বরিষে বারিধারা৷ হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা’৷
থাকুক বর্ষার সেই শঙ্কার মুহূর্ত। এখন এই তাপদগ্ধ সময় বন্দনাতেই হোক মুখর।
আজ রোববার রাজধানীও বর্ষার বন্দনাতে মুখর হবে। দিনজুড়ে রয়েছে বর্ষা বন্দনার নানা আয়োজন। সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ আয়োজিত বর্ষা উত্সব। নৃত্য-গীত, আবৃত্তি ও বর্ষাকথনে সাজানো আয়োজনের শুরুতেই থাকবে যন্ত্রসংগীত পরিবেশনা। এরপর দিনব্যাপী চলবে নানা আয়োজন।
সকাল সোয়া সাতটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শুরু হবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর দিনব্যাপী বর্ষা উত্সব। শুরুতেই মিয়াকী মল্লার রাগ পরিবেশন করা হবে। তা ছাড়া এ উত্সবে থাকবে বিভিন্ন শিল্পীর একক ও দলীয় কণ্ঠের গান, একক কণ্ঠের কবিতা আবৃত্তি ও দলীয় নৃত্য। এসবের সঙ্গে থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।