বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
আবার ওয়ান-ইলেভেন আনতে আন্দোলন করছে বিরোধী দল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের আন্দোলন জনস্বার্থে নয়, আবার ওয়ান-ইলেভেন নিয়ে আসার জন্যই তারা আন্দোলন করছে। যুদ্ধাপরাধীদের রক্ষা ও গণতন্ত্র নস্যাৎ করাই তাদের লক্ষ্য।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।এর আগে ভোরে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।বিকেলে আলোচনা সভার সভাপতির বক্তৃতায় শেখ হাসিনা বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে এনেছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজ করে যাচ্ছি। আমরা জাতির পিতার আদর্শ ধরে রেখেছি। মুক্তিযুদ্ধের সব বন্ধুকে কৃতজ্ঞতা জানিয়েছি। আগামী মার্চে বিদেশি বন্ধুদের সম্মাননা জানাতে আমরা আরেকটা অনুষ্ঠান করব।’ তিনি বলেন, সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে জাতির পিতার আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে। তাঁর নির্দেশিত পথে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম করা হবে।১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনকের স্বদেশে ফেরার দিনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, প্রকৃতপক্ষে জাতির বিজয় আসে ১০ জানুয়ারি। ওই দিন সবাই সব হারানোর বেদনা ভুলে নেতাকে বরণ করে নেয়। বঙ্গবন্ধু সেদিন দেশে ফিরে প্রথমই এসেছিলেন জনতার সামনে।হাছান মাহমুদ ও অসীম কুমার উকিলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, অনুপম সেন, হাজি আবদুস সামাদ, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী, সানজিদা খানম প্রমুখ।