আবার কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের আলাদা বেতনকাঠামো প্রবর্তন করাসহ চার দফা দাবিতে আবারও একযোগে কর্মবিরতিতে যাচ্ছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির নেতাদের ফোরাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষকদের অন্য দাবিগুলো হলো: স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তনের জন্য অবিলম্বে বেতন কমিশন করা, আলাদা কাঠামো হওয়ার আগ পর্যন্ত অষ্টম বেতনকাঠামোতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বৈষম্য দূর করা এবং রাষ্ট্রীয় ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’-এ পদমর্যাদাগত অবস্থান ও সুবিধা নিশ্চিত করা। একই দাবিতে এর আগে ৮ জুন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকালের সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতি রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে। ২০ আগস্ট পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তমঞ্চ’ তৈরি করে শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে।
ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, শোকের মাস হওয়ায় শিক্ষকনেতারা কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকেন। তবে শিক্ষকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে অষ্টম জাতীয় বেতনকাঠামো ঘোষণা করা হলে লাগাতার কর্মবিরতির কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।