কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর কারা তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য আদালতে আবেদন করেছিলেন লুৎফুজ্জামান বাবর। আদালত তাঁর স্বাস্থ্যগত প্রতিবেদন চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই গতকাল তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পর বিকেলে তাঁকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে আসা হয়েছে। তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম বলেন, গত সোমবার চার সদস্যের মেডিকেল বোর্ড লুৎফুজ্জামান বাবরকে প্রাথমিক চিকিৎসা দেয়। তিনি মেরুদণ্ডে ব্যথা, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগছেন।