আবার কারাগারে হারুন ইজাহার
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের ছেলে হারুন ইজাহারকে ২০১২ সালের কোতোয়ালি থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার।
গত মঙ্গলবার দুপুরে জামিনে ছাড়া পাওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ।
২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত চট্টগ্রাম নগরের লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোমার বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার দুই ছাত্র নিহত হন। ঘটনার দুদিন পর হাটহাজারীর ইছাপুর থেকে হারুন ইজাহারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে মুফতি ইজাহারুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণের ঘটনায় তিনটি মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। একে একে আদালত থেকে সব মামলায় জামিন পান হারুন ইজাহার।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ১৩ মে লালখান বাজার এলাকায় একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলায় গতকাল হারুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ।
হারুন ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার দাবি করেন, লালখান বাজারের ওই ঘটনায় হারুন ইজাহার জড়িত না থাকলেও হয়রানি করতে তাঁকে পুলিশ আসামি হিসেবে দেখিয়েছে।