বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিভিন্ন দেশের বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা হিসেবে আবার সঠিকভাবে ক্রেস্ট তৈরি করে দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে৷ গতকাল সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়৷ আজ আবেদনের ওপর শুনানি হতে পারে৷
শহীদ পরিবারের সদস্য নাসরিন আহমেদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন৷ গত ৬ এপ্রিল ‘বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা, ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়৷ এর ভিত্তিতে রিটটি করা হয়৷
ওই প্রতিবেদনে বলা হয়, এক ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) জায়গায় ক্রেস্টে সোনা পাওয়া গেছে মাত্র ২ দশমিক ৩৬৩ গ্রাম (সোয়া তিন আনা)৷ আর রুপার বদলে ৩০ ভরি বা ৩৫১ গ্রাম পিতল, তামা ও দস্তামিশ্রিত শংকর ধাতু পাওয়া গেছে৷
রিট আবেদনের প্রার্থনায় ওই ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পরিশোধিত বিল ফিরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে৷ সেই সঙ্গে আদায় করা অর্থ থেকে নতুন করে ক্রেস্ট তৈরি করে বিদেশি বন্ধুদের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে পৌঁছে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—এই মর্মেও রুল চাওয়া হয়েছে৷ একই সঙ্গে ওই অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে নির্দেশনা চাওয়া হয়েছে৷
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্রসচিব, অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার, উপসচিব এনামুল কাদের ও ঢাকা বিভাগীয় কমিশনারকে বিবাদী করা হয়েছে৷
মন্ত্রিপরিষদ বিভাগ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সরকার স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে সাত পর্বে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্বনামধন্য ৩৩৮ বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে অন্যান্য উপহারসামগ্রীর সঙ্গে একটি করে ক্রেস্ট দেয়৷
রিট দায়েরের বিষয়টি জানিয়ে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ওই ক্রেস্টে ১১ তোলা সোনা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় দুই তোলা৷ এর মধ্য দিয়ে যাদের সম্মাননা দেওয়া হয়েছে, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে৷ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের চোখের সামনে দিয়ে ওই ফাঁকি দেওয়ার মাধ্যমে শুধু রাষ্ট্রপ্রধানদের ছোট করা হয়েছে তা নয়, মুক্তিযুদ্ধের মর্যাদাও ক্ষুণ্ন করা হয়েছে৷ এ কারণে রিটটি করা হয়৷ আবেদনটি বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চে দাখিল করা হয়েছে৷ আজ মঙ্গলবার আবেদনের ওপর শুনানি হতে পারে৷