আবার গাড়িতে আগুন ককটেলের বিস্ফোরণ
হরতালের আগের দিন নির্বিচারে গাড়ি পোড়ানোর সাম্প্রতিক ধারা অব্যাহত রয়েছে। গতকাল রোববার বিকেলে বিএনপি দুই দিনের হরতাল ঘোষণার পর থেকেই রাজধানীতে শুরু হয় গাড়িতে আগুন দেওয়া।বিএনপির নেতারা বিকেল সাড়ে পাঁচটার দিকে হরতালের ঘোষণা দেওয়ার পরের এক ঘণ্টাতেই নগরের বিভিন্ন প্রান্তে পোড়ানো হয় সাতটি গাড়ি। আরও কয়েকটিতে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। যত্রতত্র ককটেলও ফাটানো হয়।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাজধানীর কাকরাইল, রাজারবাগ পুলিশ লাইনস এলাকা, মতিঝিল, বাসাবো বৌদ্ধমন্দির, মুগদা পেট্রলপাম্প, রামপুরা ও ফকিরাপুলে ওই গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সাড়ে পাঁচটার কিছু পরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে মতিঝিলের এজিবি কলোনির সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। ফকিরাপুল পানির ট্যাংকের সামনে একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে এবং বাসাবো বৌদ্ধমন্দিরের সামনে একটি করে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজারবাগেও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।এ ছাড়া প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলিস্তানে একটি বাস লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলগুলো বাসের বাইরের অংশে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আতঙ্কিত হয়ে যাত্রীরা হুড়োহুড়ি করে জানালা দিয়ে নামতে গিয়ে আহত হয়। আহতদের মধ্যে রফিক নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে নাশকতা সৃষ্টিকারীদের তাৎক্ষণিক সাজা দিতে আজ হরতালের সময় রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত থাকবেন। রাজধানীতে গতকাল রাত আটটার দিকে ২০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলে নামে। বিজিবির সদস্যরা সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন।