আবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের দাম আবারও বাড়ানো হলে আগামী ডিসেম্বরেই হরতাল ডাকার ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এক বিক্ষোভ সমাবেশ থেকে বাম মোর্চার নেতারা এ ঘোষণা দেন।গ্যাস ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করাসহ বিভিন্ন দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মোর্চার নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল শুরু করেন। মিছিলটি পল্টন মোড় হয়ে শাহবাগে পৌঁছালে পুলিশ বাধা দেয়। সেখানেই সমাবেশ করেন বাম মোর্চার নেতারা।উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বাতিল, এশিয়া এনার্জিকে বহিষ্কার, ব্যাংক জালিয়াতি, শেয়ারবাজার লুটের সঙ্গে জড়িতদের বিচার, লুণ্ঠিত টাকা উদ্ধার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, যুদ্ধাপরাধী ও গণশত্রুদের হাত থেকে দেশকে মুক্ত করাসহ ১৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।বাম মোর্চার নেতারা বলেন, বর্তমান সরকার বিদ্যুতের দাম ছয় দফা ও গ্যাসের দাম চার দফা বাড়িয়েছে। আগামী ডিসেম্বর মাসে আরেক দফা বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। এ ছাড়া সুন্দরবন ধ্বংস করে ভারতের স্বার্থে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র করার চেষ্টা করা হচ্ছে। ফুলবাড়ীতে এশিয়া এনার্জিকে উন্মুক্ত খনন পদ্ধতিতে কাজ শুরু করার নির্দেশ দিচ্ছে। সরকারকে এ ধরনের ‘গণবিরোধী’ অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান নেতারা। বাম মোর্চার নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরিয়া আইনে যুদ্ধাপরাধীদের বিচার করার কথা বলে দেশের সংবিধান ও শপথ লঙ্ঘন করেছেন। এ ছাড়া দেশে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর তৎপরতায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা এবং নানা রকম সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের ঘটনা দেশকে ভয়ংকর ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদের (মাহবুব) ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিঞা, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।