আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা

ব্যবসার ধস কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বগুড়ার শেরপুর উপজেলার বেনারসিপল্লির তাঁত মালিক ও শ্রমিকেরা। ঈদ সামনে রেখে এই পল্লিতে দিনরাত চলছে বিভিন্ন ধরন ও মানের বেনারসি শাড়ি তৈরির কাজ। যত দূর সম্ভব শাড়ির নকশা ও ধরনে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে।
শেরপুর পৌর শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনি গ্রামে এ বেনারসিপল্লি অবস্থিত। পল্লির তাঁত কারখানার দুজন মালিক বলেন, তাঁরা ঢাকা থেকে সুতা সংগ্রহ করে শাড়ি তৈরি করেন। এ শাড়ি আবার চলে যায় ঢাকার মিরপুরের বেনারসিপল্লিতে। সেখানে এসব শাড়ি বিক্রির জন্য প্রক্রিয়াজাত করা হয়। তারপর তা চলে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত শপিংমলে। তাঁরা আরও জানান, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত মহাসড়ককেন্দ্রিক বিভিন্ন আন্দোলনের নামে নাশকতার ঘটনায় তাঁদের তাঁতশিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বন্ধ হয়ে যেতে থাকে একের পর এক কারখানাগুলো। এতে বেকার হয়ে পড়েন কারখানার মালিক ও শ্রমিকেরা। এ সময় জীবিকার তাগিদে অনেকেই চলে যান আয়রোজগারের ভিন্ন পথে।
সরেজমিনে ২১ জুন ঘোলাগাড়ী কলোনি গ্রামে গেলে শোনা যায়, বাঁশ-কাঠের তৈরি তাঁতের খটাখট শব্দ। মালিক ও শ্রমিক কেউ বসে নেই। বুনছেন নতুন শাড়ি। গ্রামের নারীরাও শাড়িতে সুতার কাজে সহযোগিতা করেছেন।
শ্রমিক শরিফুল ইসলাম বলেন, শাড়ি তৈরির রকমভেদে রয়েছে মজুরি। সপ্তাহে দুটি শাড়ি তৈরি করে তাঁরা দুই থেকে দুই হাজার চার শ টাকা পর্যন্ত মজুরি পেয়ে থাকেন। নারী শ্রমিকেরা চরকির মাধ্যমে একটি কাপড়ের সুতা প্রস্তুত করে দিয়ে পান শাড়িপ্রতি ৭০-১০০ টাকা। সংসারে কাজের ফাঁকে এ কাজ তাঁদের বাড়তি আয় এনে দেয়।
গ্রামের তিনটি তাঁতের মালিক নাসিম খান বলেন, শুধু ঘোলাগাড়ী কলোনি গ্রাম নয়। পাশের রাজবাড়ী, বড়পুকুরিয়া, নদীয়াপাড়া গ্রামেও এ রকম তাঁত ছিল। সব মিলে তাঁত ছিল অন্তত ১২৫টি। এই তাঁতশিল্পের সঙ্গে জড়িত ছিল কমপক্ষে তিন শ নারী-পুরুষ। ব্যবসায় ধস নামায় শ্রমিকেরা অন্য পেশায় চলে গেছেন। এখন কোনোমতে টিকে আছে ৬৫টির মতো তাঁত।
বন্ধ হয়ে যাওয়া একটি তাঁতের মালিক ঘোলাগাড়ী কলোনি গ্রামের আহম্মদ আলী। তিনি বলেন, ব্যবসার পুঁজি খুইয়েছেন তিনি। জীবিকার তাগিদে তিনিও চলে গেছেন ভিন্ন আয়ের পথে।
গ্রামের পাঁচটি তাঁত মালিক আবদুল ওয়াহিদ বলেন, তাঁর প্রচেষ্টায় এখানে গড়ে উঠেছে এই বেনারসি তাঁতশিল্প। এতে গ্রামের অনেক যুবকেরই বেকারত্ব ঘুচেছে।
শেরপুর বেনারসিপল্লির তাঁতি সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ বলেন, আগামী ঈদুল ফিতর সামনে রেখে বিভিন্ন মার্কেটে তাঁদের তৈরি বেনারসিপল্লির শাড়ির চাহিদা বেড়েছে। এতে করে গত প্রায় দুই মাস ধরে তাঁদের তাঁতপল্লিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তৈরি হচ্ছে জামদানি, বুটিক, কাতান বুটিক, ব্রকেট, টাইটাকি ইত্যাদি বিভিন্ন ডিজাইনের পাড় ও আঁচলের বেনারসি। সপ্তাহে ১০০ থেকে ১২৫ পিস শাড়ি তৈরি হচ্ছে এ পল্লি থেকে। বিভিন্ন নামে দোকানে শ্রেণিভেদে এসব শাড়ি বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ১০ হাজার টাকায়।