আবার চালু হলো বিমানের দিল্লি ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দিল্লি ফ্লাইট আবার চালু করা হয়েছে। গতকাল শনিবার বেলা পৌনে একটায় উদ্বোধনী ফ্লাইটটি ঢাকা থেকে ভারতের নয়াদিল্লির উদ্দেশে ছেড়ে যায়। বিমান সূত্র জানায়, বাংলাদেশ বিমান ১৯৯২ সালে ঢাকা-দিল্লি গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু করে। এরপর উড়োজাহাজ সংকটের কারণে গত বছর সেপ্টেম্বরে এ গন্তব্যের ফ্লাইট স্থগিত করা হয়। একই সময়ে একই কারণে ঢাকা-হংকং ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। হংকং ফ্লাইটও ১৩ মে থেকে আবার চালু করা হবে।বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন স্টিল দুই সপ্তাহ আগে দিল্লি ও হংকং ফ্লাইট আবার চালু করার ঘোষণা দেন। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, এখন থেকে প্রতি শনি ও মঙ্গলবার বেলা পৌনে একটায় ঢাকা থেকে দিল্লির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। একই দিন ভারতীয় সময় ১২টা ৫৫ মিনিটে দিল্লি থেকে ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়বে। ১৬২ আসনের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে এ ফ্লাইট পরিচালনা করা হবে। দিল্লি ফ্লাইট আবার চালু হওয়ায় এখন বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক গন্তব্যের সংখ্যা দাঁড়াল ১৮টি।