বগুড়ার প্রবীণ সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যাকাণ্ডের নয় বছর পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বগুড়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। ২৯ জুলাই আদালত বিষয়টি আমলে নিয়ে কাল রোববার শুনানির দিন ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সিআইডির বগুড়া অঞ্চলের এএসপি আবদুস সামাদ মিয়া তদন্ত করে আসামিদের শনাক্ত করতে ব্যর্থ হয়ে ১৬ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে মামলায় গ্রেপ্তার সাতজনের অব্যাহতি চাওয়া হয়েছে।
নিহত দীপংকর চক্রবর্তীর ছেলে পার্থ সারথী চক্রবর্তী ৩১ জুলাই চূড়ান্ত প্রতিবেদনের চিঠি পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তিনি জানান, তিনি আবার নারাজি আবেদন করবেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও বগুড়া থেকে প্রকাশিত দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপংকর চক্রবর্তী ২০০৪ সালের ২ অক্টোবর রাতে শেরপুরে তাঁর বাড়ির কাছে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন। পর দিন পার্থ সারথী চক্রবর্তী শেরপুর থানায় হত্যা মামলা করেন।
২০০৭ সালের ২৬ নভেম্বর সিআইডির উপপরিদর্শক (এসআই) শাহীন আকন্দ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদীর নারাজির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্ত শেষে শেরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ২০০৯ সালের ৮ আগস্ট আবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদী দ্বিতীয় দফা নারাজির আবেদন করেন। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। এভাবে নয় বছরে নয়জন পুলিশ কর্মকর্তা তদন্ত করে কোনো রহস্য উদ্ঘাটন কিংবা কোনো আসামি শনাক্ত করতে পারেননি।