আবার চোখের সমস্যায় ‘বিস্ময় বালক’ সাজ্জাদ
কক্সবাজারের উখিয়ার সেই ‘বিস্ময় বালক’ মেধাবী ছাত্র সাজ্জাদ হোসেনের চোখে আবার সমস্যা দেখা দিয়েছে। প্রায় এক মাস ধরে ঝাপসা দেখছে সে। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।উপজেলার পাইন্যাশিয়া গ্রামের কাঠমিস্ত্রি ছৈয়দুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন জন্ম থেকেই দৃষ্টি-প্রতিবন্ধী। এর পরও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধার স্বাক্ষর রেখে পড়াশোনা চালিয়ে যায় সে। ২০০৮ সালের জানুয়ারিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় সাজ্জাদ। ওই সময় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা দেওয়ার বিষয়টি নজরে আসে এ প্রতিবেদকের। ২০০৮ সালের ১৭ জানুয়ারি তাকে নিয়ে ‘বিস্ময় বালক সাজ্জাদ’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর ব্যাংক এশিয়া লিমিটেডের সহায়তায় ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে সাজ্জাদের চোখে সফল অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে সাজ্জাদ চশমা দিয়ে দেখতে পাচ্ছে ও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সে নবম শ্রেণীতে পড়ছে।সাজ্জাদ জানায়, চশমা ব্যবহার করার পরও প্রায় এক মাস ধরে সে ঝাপসা দেখছে। সে আরও জানায়, বেশিক্ষণ পড়াশোনা করলে চোখ থেকে পানি পড়ে। এ সমস্যার কারণে পড়শোনায় খুব অসুবিধা হচ্ছে। এতে তার সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।সাজ্জাদের বাবা ছৈয়দুর রহমান জানান, তাঁর সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। এ অবস্থায় ছেলের চোখের সমস্যা তাঁকে দুর্ভাবনায় ফেলেছে। এত টাকা তিনি কোথায় পাবেন?পালং আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হক জানান, চোখের সমস্যার কারণে সাজ্জাদ প্রায় এক মাস ধরে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না।এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যাংক এশিয়া লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন দাশ গুপ্ত জানান, সাজ্জাদের আগের চিকিৎসার কাগজপত্র পাঠালে তার জন্য কিছু করা যায় কি না, এ ব্যাপারে তিনি চেষ্টা করে দেখবেন।