আবার জাহাজে ফিরছেন সেই ২৫ নাবিক
সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি জাহান মণির ২৫ জন নাবিকের অনেকে আবার জাহাজে উঠতে শুরু করেছেন। এসব নাবিক প্রায় ৯৮ দিন জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন। তিন মাসের বেশি সময় কেটেছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।আরব সাগরের ভারতীয় লাক্কা দ্বীপের কাছ থেকে গত বছরের ৫ ডিসেম্বর এমভি জাহান মণি জলদস্যুদের কবলে পড়ে। প্রায় ৩১ কোটি টাকা (৪৩ লাখ মার্কিন ডলার) মুক্তিপণ দিয়ে নাবিকসহ জাহাজটি মুক্তি পায়। গত ২১ মার্চ মুক্ত নাবিকেরা দেশে ফেরেন। জিম্মি দশা থেকে ফেরার পর অনেকেই জাহাজের চাকরি ছেড়ে ভিন্ন পেশায় যাওয়ার কথা চিন্তা করছিলেন।জাহান মণির মালিক প্রতিষ্ঠান এস আর শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল করিম প্রথম আলোকে বলেন, ‘ওই ২৫ নাবিকের অনেকে জাহাজে যেতে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ইতিমধ্যে কয়েকজন আমাদের অন্য জাহাজে যোগ দিয়েছেন।’ এস আর শিপিং এবং এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের মালিকানায় বাংলাদেশি পতাকাবাহী অন্তত ১২টি জাহাজ আছে।জলদস্যুদের হাতে জিম্মি থাকাকালে এমভি জাহান মণির প্রধান কর্মকর্তা ছিলেন আবু নাছের। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এস আর শিপিংয়ের জাহাজ এমভি ফাতেমা জাহানের ক্যাপ্টেন হিসেবে যোগ দিয়েছি। কয়েক দিনের মধ্যে জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যাবে।’ তিনি আরও জানান, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহান মণির অনেক নাবিকই জাহাজে উঠতে শুরু করেছেন।তবে জাহান মণির ক্যাপ্টেন ফরিদ আহমদ এবং প্রধান প্রকৌশলী মতিউল মাওনা এখনো জাহাজে ফেরার চিন্তাভাবনা করছেন না বলে তাঁদের পারিবারিক সূত্রে জানা গেছে। জিম্মি দশার সময় জলদস্যুদের সরাসরি নজরদারি এবং চাপের মুখে ছিলেন এ দুই শীর্ষ কর্মকর্তা।