আবার জ্বলে উঠুক আভিন নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আভিন নূর
আভিন নূর

২০১০ সালের এক মিষ্টি সকালে মা-বাবার হাত ধরে ভিকারুননিসা নূন স্কুলের ক্যাম্পাসে পা রেখেছিল ছোট্ট মেয়ে আভিন নূর। ভর্তি হয়েছিল প্রথম শ্রেণিতে। তার চোখে ছিল কৌতূহল, ছিল বড় কিছু করার স্বপ্ন। কিন্তু তিন বছর যেতে না যেতেই আভিনের স্বপ্ন ভেঙে পড়তে শুরু করে। ছয় বছর পর এখন তার ভাগ্য এক অনিশ্চিত সুতোয় ঝুলছে।
তৃতীয় শ্রেণিতে ওঠা পর্যন্ত আভিন ছিল একেবারে সামনের সারির ছাত্রী। কিন্তু তৃতীয় শ্রেণিতে ওঠার পরই শুরু হয় বিপত্তি—পিঠে ব্যথা। তীব্র ব্যথায় বেশিক্ষণ বসে থাকতে পারত না সে। শ্রেণিকক্ষে অনুপস্থিতি বাড়তে থাকে। প্রথমে কাছাকাছি আদ-দ্বীন হাসপাতালে নিয়ে দেখানো হয় চিকিৎসক। চিকিৎসক বলেন, বইয়ের ভারী ব্যাগ কাঁধে বহনের কারণে ব্যথা। প্রতিদিন নানা রকম ব্যায়াম করতে দেন আভিনকে। কিন্তু ব্যায়াম করলে তার ব্যথা আরও বাড়ে। তবু চলতে থাকে ব্যায়াম। একপর্যায়ে ব্যায়াম করতে গিয়ে আভিনের মেরুদণ্ডের হাড় ভেঙে যায়।
এ অবস্থায় আভিনকে ভর্তি করা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে ডাক্তার দেখে বলেন, সমস্যাটা ছিল আসলে মেরুদণ্ডে। যক্ষ্মারোগের কারণে আভিনের হাড়ে ক্ষয় শুরু হয়েছে। ব্যায়াম করা ঠিক হয়নি। তাকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন চিকিৎসক। ২০১২ সালে অস্ত্রোপচার করে মেরুদণ্ডে চারটি স্ক্রু বসানো হয় আর সেই সঙ্গে চলে যক্ষ্মার দীর্ঘমেয়াদি চিকিৎসা। দেড় বছর ধরে চলে সেটা।
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় আবার ফিরে আসে তীব্র ব্যথা। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, সব ঠিক আছে। ব্যথা সয়েই আভিন সমাপনী পরীক্ষা দেয়। এরই মধ্যে ঘটতে থাকে পারিবারিক বিপর্যয়। বহু কষ্টে স্কুলের খরচ জোগাড় করেন মা। বাবার ব্যবসা চলে না। সাহায্যের হাত উঠিয়ে নিয়েছেন একে একে প্রায় সব নিকটাত্মীয়। মা তাঁর সন্তান নিয়ে ভাইয়ের বাড়িতে আশ্রিত, বাবা থাকেন এক মেসে। এ অবস্থায় আভিনের প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষ হয়।
পরীক্ষার পর মা-বাবা আভিনকে নিয়ে আবার যান সেই চিকিৎসকের কাছে, যিনি রিপোর্ট দেখে বলেছিলেন, সব ঠিক আছে। কিন্তু এবার চিকিৎসক তাকে দেখে বলেন, রোগীর অবস্থা ভালো নয়। ২০১৫ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আভিনকে। দ্বিতীয় অপারেশন হলো বটে, কিন্তু তার আর নড়ার শক্তি নেই। শরীরের একটা বড় অংশই পক্ষাঘাতগ্রস্ত।
আভিনকে বাড়িতে শুয়ে থাকতে হয় সারাক্ষণ। মা আর পারেন না; দ্বারস্থ হন স্কুলের শিক্ষকদের। অর্থ সংগ্রহ করা হয় শিক্ষক ও ছাত্রীদের কাছ থেকে। আভিনের স্কুলের বেতন দেওয়া হয় শিক্ষকদের সহায়তায়। ক্লাসে যে তার নামটি এখনো ডাকা হয় এবং স্কুলের বিভিন্ন নোটিশের বার্তা যে তার নামে আসে, এই আনন্দটুকু নিয়েই বেঁচে আছে আভিন।
দ্বিতীয় দফায় আবার যক্ষ্মার চিকিৎসা শুরু হয়েছে আভিনের। আর চলছে ফিজিওথেরাপি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে এখন যে চিকিৎসা দিতে হবে, সেটা এখানে সম্ভব নয়। বিদেশে নিতে হবে।
কিন্তু প্রতিদিনের ফিজিওথেরাপির দুই হাজার টাকা জোগাড় করতেই কষ্ট করতে হচ্ছে আভিনের মা-বাবার। চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া তাঁদের সাধ্যের অতীত।
আভিনকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান তার মা-বাবা। তাকে আবার শ্রেণিকক্ষে দেখতে চায় তার সহপাঠীরা, তার শিক্ষকেরা। তাঁরা চান, সমাজের কেউ এগিয়ে এসে দাঁড়াক আভিনের পাশে। একটা ছোট্ট মেয়ের স্বপ্নপ্রদীপ জ্বলে উঠুক আবার।
(সঙ্গীতা ইসলাম ও কাজী শাহেলা নাজনীন: শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ)