আবার টানা বৃষ্টি, তালার বন্যা-পরিস্থিতি ভয়াবহ
আবার পাঁচ দিনের প্রবল বর্ষণ ও কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে সাতক্ষীরার তালা উপজেলার বন্যাদুর্গত এলাকার মানুষের দুরবস্থা ভয়াবহ রূপ নিয়েছে।এক সপ্তাহ ধরে সরকারিভাবে ত্রাণের চাল বিতরণ বন্ধ থাকায় মানুষ অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে চলছে খাদ্যের জন্য হাহাকার। সাতক্ষীরা-খুলনা সড়কের পাশে আশ্রয় নেওয়া হরিণখোলা গ্রামের সবিতা মণ্ডল ও গোয়ালপোতা গ্রামের মনিকা সরকার জানান, এভাবে খেয়ে না-খেয়ে ছেলেমেয়ে নিয়ে বেঁচে থাকা দায়। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে সাতক্ষীরা-খুলনা সড়কের নগরঘাটা এলাকায় গিয়ে দেখা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে আরও দেড় থেকে দুই ফুট পানি বেড়েছে। সাতক্ষীরা-খুলনা সড়কের ওপর দিয়ে আবার পানি প্রবাহিত হওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বানভাসি মানুষ যেসব টং-ঘর বেঁধে বাস করছে সেগুলোতেও পানি ঢুকেছে। প্রায় ভেজা অবস্থায় দিনরাত কাটাচ্ছে মানুষ।উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কলেজ আশ্রয়কেন্দ্র ও এর আশপাশে আশ্রয় নেওয়া খানপুর গ্রামের সন্ধ্যা রানী দাস ও অমেলা রানী দাস জানান, গত রোববার থেকে আবার টানা বৃষ্টি শুরু হওয়ায় তাঁদের দুর্ভোগ বেড়ে গেছে। পলিথিনের ছাউনি দিয়ে বৃষ্টি রোধ করা যাচ্ছে না। এদিকে পেটে ভাত যাচ্ছে না। এলাকায় কাজ নেই। হাতে টাকাপয়সা নেই। এ অবস্থায় ১৬ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ ধরে ত্রাণের চাল বিতরণ বন্ধ। একই কথা জানান, কাঁঠালতলা আশ্রয়কেন্দ্রের শাহাপুর গ্রামের মশিয়ার রহমান ও কেষ্টপদ ঋষি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, তালার ১২টি ইউনিয়নের ২১৭টি গ্রামের প্রায় তিন লাখ মানুষ দেড় মাস ধরে পানিবন্দী। ১০১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ৫২ হাজার ৯০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বরাদ্দ ৬৪৪ মেট্রিক টন চাল ও চার লাখ টাকার বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সরকার সম্প্রতি ভিজিএফ কার্ডের মাধ্যমে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য জেলা প্রশাসনের মাধ্যমে জেলা ত্রাণ অফিসসংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ৪১ হাজার ২০০ ভিজিএফ কার্ডের চাহিদা দেওয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়া গেছে সাত হাজার ১০৭টি কার্ড। তালা উপজেলা সদরের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা তিন হাজার ৪২৭ জন।’ খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, তাঁর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা তিন হাজার। তাঁরা দুজন জানান, এ দুটি ইউনিয়নে এক হাজার ৪০০ কার্ড দেওয়া হয়েছে। অন্য ইউপিগুলো পাবে আরও কম। তাই সব ইউপি চেয়ারম্যানরা সিদ্ধান্ত নিয়েছেন, ৪১ হাজার পরিবারের জন্য কার্ড না আসা পর্যন্ত তাঁরা কোনো কার্ড নেবেন না। জেলা ত্রাণ অফিসের সহকারী রফিকুল ইসলাম পাটোয়ারী জানান, জেলার জন্য ৭১ হাজার ৩৭৩টি ভিজিএফ কার্ডের বরাদ্দ চাওয়া হয়েছিল। কিন্তু চাহিদামতো পাওয়া যায়নি।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, এত কমসংখ্যক ভিজিএফ কার্ড দিয়ে সমস্যা মোকাবিলা করা যাবে না। তাই ইউপি চেয়ারম্যানরা এত অল্পসংখ্যক ভিজিএফ কার্ড গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।