গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা সবকিছু কেড়ে নিয়ে ওই যুবককে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে। রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় কোনো একটি ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবক মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে ছিল নীল রঙের হাফহাতা গেঞ্জি ও পায়ে কালো মোজা। বুকে আঘাত এবং নাক ও মুখে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের মাস্টার আবদুল মালেক জানান, সম্প্রতি উপজেলার কালামপুর, মাটিকাটা ও কালিয়াকৈর রেলব্রিজসংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে যাত্রী নিহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা সবাই ছিনতাইকারী চক্রের শিকার। চক্রটি ছাদে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে তাঁদের ফেলে দেয়। গত শনিবার রাতে কালামপুর এলাকায় ছিনতাইকারীদের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে দুই যুবক পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। আহত অন্যজন সুনামগঞ্জের বনপুঁই নওগাঁও গ্রামের আবদুর নূরের ছেলে আলী আজগর (২২) ওই ছিনতাইয়ের ঘটনা জানিয়েছেন। স্টেশন মাস্টার জানান, শনিবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহী যাওয়ার পথে কালিয়াকৈরের কালামপুর এলাকায় পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দুই হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এর কিছু সময় আগে একই ট্রেন থেকে ছিনতাইকারীরা একইভাবে আরেকজনকে ফেলে দেয়।