অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ডাকে সাড়া দেয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদককে গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হলেও তারা আসেনি। কমিটি তাদের আবার ডাকার সিদ্ধান্ত নিয়েছে।
বেসিক ব্যাংকের টাকা লুটের বিষয়ে তদন্ত করে দুদক ব্যাংকটির কর্মকর্তাদের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি। অন্যদিকে সংসদীয় কমিটির কাছে প্রমাণ আছে, টাকা লুটের বিষয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ জড়িত। এ পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি দুদককে তাদের বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, দুদকের তদন্তে বেসিক ব্যাংকের বিভিন্ন অনিয়মের সঙ্গে পরিচালনা পর্ষদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কমিটির কাছে যেসব প্রমাণ রয়েছে তাতে দেখা গেছে পরিচালনা পর্ষদ জড়িত। বেসিক ব্যাংকের নিয়োগ, ঋণ বিতরণ, অবৈধ উপায়ে টাকা উত্তোলনসহ বিভিন্ন বিষয়ের প্রমাণ আছে। কমিটির হাতে থাকা প্রমাণের একটি সারসংক্ষেপ তৈরি করে দুদকের সঙ্গে বৈঠক করা হবে। সে জন্য তাদের পরবর্তী বৈঠকে আবারও ডাকা হবে।
বৈঠকে ব্যাংকঋণের সুদের হার নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা কমানোর সুপারিশ করা হয়। এ বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধিদের ডাকারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির সভাপতি জানান। আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আবদুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান অংশ নেন।