আবার তিন থানা এবার ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, ‘প্রশ্নই ওঠে না। জলসীমাটি আমার নয়। আমার থানা থেকে দুই কিলোমিটার পূর্বে। সেটি সরাইল থানায় পড়েছে।’সরাইল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাফ জবাব, ‘আমাদের হলে জানতাম। সেটি আশুগঞ্জ না হয় ভৈরবে পড়েছে।’সরাইল থানা পুলিশের এমন কথা জেনে বিস্ময় প্রকাশ করলেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এমন অভিযোগে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘ওরা মিথ্যা বলেছে। এতে বিন্দুমাত্র সত্য নেই।’ এটি গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডাকাতির ঘটনার দায়িত্ব স্বীকার নিয়ে তিন থানার ওসিদের পরস্পরবিরোধী মন্তব্য।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব লাগোয়া তিন উপজেলা। উপজেলা তিনটির গা ঘেঁষে বয়ে চলেছে মেঘনা নদী। আক্রান্ত যাত্রী ও ট্রলারের মাঝিরা জানান, গতকাল সকাল পৌনে সাতটার দিকে সরাইল উপজেলার অরুয়াইল ঘাট থেকে ‘তাহের পরিবহন’ নামে একটি যাত্রীবাহী ট্রলার ছেড়ে আসে। গন্তব্য ছিল ভৈরব। যাত্রীর সংখ্যা অন্তত ৬০ জন। ছেড়ে যাওয়ার পর ট্রলারটি সরাইলের বৈশর, হরিপুর, আজবপুর ঘাট থেকে যাত্রী তোলে। সর্বশেষ যাত্রাবিরতি দেওয়া হয় সরাইলের পানিশ্বর ঘাটে। ওই ঘাট থেকে চারজন যাত্রী ওঠে। ওই চারজন ছিল যাত্রীবেশী ডাকাত। ট্রলারটি আশুগঞ্জ মোহনার তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় আসামাত্র আরেকটি ট্রলারযোগে এসে হানা দেয় ডাকাত দল। তাদের সঙ্গে যোগ দেয় যাত্রীবেশী চার ডাকাত। ওই ট্রলারে ডাকাত ছিল ১২ জন। মোট ১৬ জন মিলে ডাকাতি শুরু করে। প্রথমে মাঝি মহিউদ্দিন মিয়াকে পিটিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। পরে সবাইকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়। তাদের অনেকে আশুগঞ্জ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মাঝি ও যাত্রীদের হিসাব মতে, স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকাসহ প্রায় চার লাখ টাকা লুটে নেয় ডাকাত দল। ডাকাতেরা প্রায় ২৫ মিনিট ধরে ডাকাতি শেষে সরাইলের দিকে চলে যায়। আক্রান্ত যাত্রীরা আশুগঞ্জ এসে নেমে যায়।ট্রলারের মালিক তাহের মিয়া বলেন, মেঘনা জলপথ দিয়ে প্রতিদিন আশুগঞ্জ ও ভৈরবে হাজার হাজার হাওর এলাকার যাত্রী যাতায়াত করে থাকে। এই জলপথে প্রায় প্রতিদিন ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু কেউ থানায় অভিযোগ করে না। কারণ, অভিযোগ করতে গেলে পুলিশের একই কথা, ‘ঘটনা আমাদের জলসীমায় হয়নি। অন্য থানার জলসীমায় হয়েছে।’ ট্রলারের আরেকজন মালিক রুবেল মিয়া বলেন, ট্রলারের মালিকেরা মামলা করবেন না এবং কোনো থানা মামলা নেবে না, নিশ্চিত জেনেই ডাকাতেরা ডাকাতির স্থান হিসেবে তিন থানার মোহনা বেছে নেয়। এতে ট্রলারের মালিক ও যাত্রীরা ক্ষতিগ্রস্ত হলেও সুবিধা পায় ডাকাতেরা। তিনি বলেন, আজ থেকে ১৫ দিন আগে একই স্থানে দানু মাঝির ট্রলারে ডাকাতি হয়। ওই ঘটনায় আট লাখ টাকার মালামাল লুট হয়। কিন্তু তাঁরা মামলা করেননি। তার চার দিন আগে একই স্থানে আরও দুটি ডাকাতি হলেও পুলিশকে জানানো হয়নি।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ডাকাতির ঘটনাটি জানার পর আমাদের থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে দেখে, ঘটনাস্থল আমার থানার দুই কিলোমিটার পূর্বে সরাইল মোহনায়। ফলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরাইল থানা পুলিশ।’ আশুগঞ্জ থানার ওসির এই বক্তব্য জানানো হয় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ উপপরিদর্শক আফরাজ উদ্দিনকে। সবকিছু শুনে তিনি বলেন, ‘ডাকাতির ঘটনা জেনে আমরাও খোঁজ নিয়ে জানতে পারি, ডাকাতি শুরু এবং শেষ আশুগঞ্জ এবং ভৈরবের মাঝামাঝি স্থানে।’ তিনি সাক্ষী মানেন, তাঁর থানার নদীর টহল পুলিশকে। ওই থানার টহল পুলিশ হাবিলদার আবদুল খালেক বলেন, ‘সকাল থেকে নদীতে আছি, আমরা আমাদের জলসীমা পাহারা দিচ্ছি। ডাকাতির ঘটনাটি জানার পর ছুটে যাই। গিয়ে দেখি, সেটি আমাদের সীমানায় পড়েনি।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, ‘আমাদের জলসীমায় হলে জানতাম। আমাদের টহল পুলিশ জানত। সরাইল থানা পুলিশ মিথ্যা কথা বলেছে। এতে বিন্দুমাত্র সত্য নেই।’ তিনিও সাক্ষী মানেন তাঁদের থানার টহল পুলিশকে। কথা হয় ভৈরব নৌ-থানার ইনচার্জ মানিক বণিকের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘সকাল থেকে আমরা আমাদের জলসীমা পাহারায় আছি। ডাকাতির ঘটনাটি আশুগঞ্জ মোহনায় হয়েছে।’এর আগে ১৪ জুলাই নরসিংদীর বেলাব ও রায়পুরা এবং কিশোরগঞ্জের ভৈরব লাগোয়া তিন উপজেলার সীমানা মাড়িয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে তিনটি ভাসমান লাশ উদ্ধার নিয়ে তিন থানা পুলিশের মধ্যে একইভাবে রশি টানাটানির ঘটনা ঘটে। কোনো থানাই উদ্ধার হওয়া লাশগুলোর দায়িত্ব নিতে চায়নি।এদিকে ডাকাতি কিংবা পানিতে ভাসমান লাশ নিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে একাধিক পুলিশ-সদস্য জানান, ডাকাতির ঘটনা সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা অবনতির বড় কারণ হিসেবে দেখা হয়। পর পর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলে ওসিকে বিভাগীয় শাস্তি পেতে হয়। সে কারণে সবাই চান ডাকাতির দায় এড়িয়ে যেতে।